মুন্সিগঞ্জে পদ্মায় ট্রলারডুবি, শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইলে আজ বুধবার সকালে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ছয়-সাতজন যাত্রী। নিহত তিনজন হলেন নেত্রকোনার কলমাকান্দার আশরাফ(৯) ও সালাম (২০) এবং একই জেলার সাতপাই উপজেলার কুদ্দুস (৩৬)।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে ওই উপজেলার হাসাইল বাজার থেকে দুই শতাধিক শ্রমিক ট্রলারে করে আলু তোলার জন্য পদ্মার চরে যাচ্ছিলেন। কিন্তু পথে ট্রলারের তলা ফেটে গেলে এটি তীরের কাছাকাছি গিয়ে ডুবে যায়। এ সময় যাত্রীদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠলেও এখনো ছয়-সাতজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়ভাবে মাছ ধরার জাল দিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। প্রশাসন থেকে বিকেল চারটা পর্যন্ত ডুবুরি তলব না করায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে। ধারণা করা হচ্ছে, নদীর স্রোতে হয়তো নিখোঁজ ব্যক্তিদের লাশ ভেসে যেতে পারে।উল্লেখ্য, আলু উত্পাদনের বৃহত্তর জেলা মুন্সিগঞ্জে এই মুহূর্তে চলছে আলু তোলার হিড়িক। তাই নেত্রকোনাসহ বিভিন্ন জেলা থেকে শ্রমিকেরা মুন্সিগঞ্জে ভিড় করছে।টঙ্গিবাড়ূ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।