মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে একজন নিহত
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়ায় ঢাকা-মাওয়া মহাসড়কে আজ বৃহস্পতিবার পুলিশের গুলিতে মোসলেম নামের এক জেলে নিহত হয়েছেন। এর আগে সেখানে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৫-২০ জন গ্রামবাসী আহত হন।বিকেল চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রামবাসী মহাসড়ক অবরোধ করে রেখেছে। পুলিশের দাবি, সংঘর্ষে তাদের আট সদস্য আহত হয়েছেন।গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই মহাসড়কে এক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত হয়। পরে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা মহাসড়কের ওই স্থানে গতিরোধক নির্মাণের দাবিতে সড়ক অবরাধ করে। স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।কিন্তু আজ সকালে গ্রামবাসীরা ওই সড়কে কোনো গতিরোধক দেখতে না পেয়ে বিক্ষোভ মিছিল বের করে আবারও মহাসড়কে ব্যারিকেড দেয়। এ সময় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।গ্রামবাসী ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে পুলিশকে আক্রমণ করে এবং একপর্যায়ে পুলিশদের ঘেরাও করে। পুলিশ তখন ঘেরাও থেকে বের হতে গুলি চালায়। এতে মোসলেম মারা যান।