মুন্সিগঞ্জে প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা
মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁওসংলগ্ন নতুন বাসস্ট্যান্ডের কাছে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে মোশারফ হোসেন (৪০) নামের এক প্রবাসী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গ্রিসে মোশারফের তৈরি পোশাক কারখানা রয়েছে। গতকাল তিনি মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। নিহত মোশারফের বাড়ি ঢাকার যাত্রাবাড়ীতে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে নতুন বাসস্ট্যান্ডের কাছে সশস্ত্র সন্ত্রাসীরা খুব কাছ থেকে মোশারফকে গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। দুটি গুলি মোশারফের পেটে ও একটি বুকে লাগে। ঘটনার পরপর মোশারফ ১০-১৫ মিনিটের মতো মাটিতে পড়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। আশপাশে প্রচুর মানুষের ভিড়। ঘটনাস্থলে রক্ত পড়ে আছে, একটি গুলি খোসা পড়ে আছে। পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১১-১২ বছর আগে মোশারফের সঙ্গে মুন্সিগঞ্জের পাঁচগড়িয়াকান্দি গ্রামের মোহাম্মদ হোসেনের মেয়ে রেশমা আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে আমেনা ও রেজাউল নামের দুটি সন্তান রয়েছে। মোশারফের শ্বশুর গ্রিসে থাকেন। সেই সুবাদে মোশারফও গ্রিসে যান। তবে তাঁর স্ত্রী ও সন্তানেরা দেশেই থাকেন। সাত-আট বছর গ্রিসে থাকার পর গত সোমবার মোশারফ দেশে ফেরেন। সন্তানের পরীক্ষা থাকায় স্ত্রীকে ছাড়াই শ্বশুরালয়ে আসেন দেখা করতে। ফেরার পথে এই নির্মম পরিণতির শিকার হন তিনি।মোশারফের চাচাশ্বশুর আবুল কাশেম জানান, মোশারফের সঙ্গে কারও কোনো বিরোধ বা শত্রুতা ছিল কি না, তা তাঁরা জানেন না। মামাশ্বশুর বাদল মিয়া জানান, গ্রিসে মোশারফের নিজস্ব পোশাক কারখানা রয়েছে। এ ছাড়া দেশে নারায়ণগঞ্জেও তাঁর পোশাক কারখানা ছিল।পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ‘হত্যার কারণ এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা গ্রিসে তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গতকাল রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে মামলা করা হবে বলে জানান তিনি। মোশারফের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ ঢাকার যাত্রাবাড়ীতে নিয়ে যাওয়া হবে।