মুন্সিগঞ্জে বাস খাদে, নিহত ২
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় আজ সোমবার দুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন মুন্সিগঞ্জ উপজেলার টঙ্গিবাজার উপজেলার আবদুর রহমান ও সিরাজদিখানের আবিরপাড়া এলাকার সুবর্ণ (৭)।পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বেলা দেড়টার দিকে ডিএম পরিবহনের একটি বাস উপজেলার ইছাপুরা ইউনিয়নের কাছে লালবাড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। এলাকাবাসী ১০ জন যাত্রীকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ওই দুজনের মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। তবে জালালউদ্দিন ও আবদুর রশিদ নামের দুজন আরোহী হাসপাতালে চিকিত্সাধীন।বাসটি ঢাকা থেকে টঙ্গিবাড়ি উপজেলায় যাচ্ছিল।সিরাজদিখান উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদি জানান, ফায়ার ব্রিগেডের উদ্ধারকারী দল স্থানীয় লোকজনের সহায়তায় বাসটিকে টেনে তীরে তুলেছে। বাসে আর কোনো যাত্রী নেই। ডুবুরি দল পানিতে তল্লাশি করে কোনো লাশ পায়নি।