মুন্সিগঞ্জে শতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, ৩ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামের পাশে মেঘনা নদীতে লঞ্চডুবির ঘটনায় আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই নারী ও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। ডুবে যাওয়া লঞ্চটি শনাক্ত করা গেলেও এখনো উদ্ধার করা যায়নি।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিএ), ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।আজ শুক্রবার সকাল সাতটার দিকে এমভি সারস নামের যাত্রীবাহী লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরে যাচ্ছিল। পথে ওই স্থানে বালুবাহী একটি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ৩০ জনকে উদ্ধার করেন। কয়েকজন সাঁতরে তীরে উঠলেও অনেকেই এখনো নিখোঁজ আছেন। পুলিশ ট্রলারটি আটক করেছে। বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘটনাস্থলে পৌঁছায়। পৌনে একটার দিকে দুর্ঘটনাকবলিত লঞ্চটি শনাক্ত করেন ডুবুরিরা। বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-সংরক্ষণ ও পরিচালন) মো. আবুল বাশার প্রথম আলো ডটকমকে দুর্ঘটনাকবলিত লঞ্চটি শনাক্ত করার কথা নিশ্চিত করেছেন।উদ্ধারকারী জাহাজ রুস্তমের কমান্ডার ফজলুর রহমান জানান, রুস্তমকে দিয়ে দুর্ঘটনাকবলিত লঞ্চটি উদ্ধার করা সম্ভব। কেননা রুস্তমের ৬০ টন ওজন টেনে তোলার ক্ষমতা রয়েছে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার বলেন, স্থানীয় লোকজন ৩০ জনকে উদ্ধার করেছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।