মুন্সিগঞ্জে শীতলক্ষ্যায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে গতকাল রোববার রাতে দুই দল শ্রমিকের সংঘর্ষে জালাল হোসেন (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক। আহতদের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।পুলিশ জানায়, গতকাল রাত আটটার দিকে মুক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে অ্যামিরেট সিমেন্ট কারখানার একটি সিমেন্ট-ভর্তি ট্রলারের সঙ্গে অপর একটি ক্লিংকার-ভর্তি জাহাজের ধাক্কা লাগে। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে ট্রলার ও জাহাজের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জালালসহ ছয়জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় জালালকে মুন্সিগঞ্জ পঞ্চসারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।মুন্সিগঞ্জে মুক্তারপুরে পুলিশ নৌ-ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলো অনলাইনকে বলেন, একটি ট্রলার ও জাহাজের দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে জালাল মারা যান।জালালের গ্রামের বাড়ি বরগুনা জেলা আমতলী উপজেলার কটুয়া গ্রামে। তাঁর বাবা মৃত আজহার হোসেন।