মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিশুছাত্রী নিহত
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তানভিন আক্তার সাদিয়া (৭) ও তামান্না আক্তার (৭) নামের দুজন শিশুছাত্রী নিহত হয়েছে। নিহত দুজনই আলী ইসলাম ডেভেলপমেন্ট সেন্টার নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে পড়ত। সাদিয়া শ্রীনগর উপজেলার হাসাড়া গ্রামের এবং তামান্না একই উপজেলার কেওয়াতখালী গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশু মৃত্যুর ঘটনায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করার পর ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে ওই স্থানে তৎক্ষনাৎ একটি গতিরোধক নির্মাণ করা হলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্থানীয় লোকজন অবরোধ প্রত্যাহার করে নেন।পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল আটটার দিকে সাদিয়া ও তামান্না স্কুলে যাওয়ার উদ্দেশে মহাসড়ক পার হওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের দুজনকে ধাক্কা মেরে পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক দুজনকেই মৃত ঘোষণা করেন।সহকারী পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এলাকাবাসী ওই স্থানে একটি গতিরোধক নির্মাণের দাবি জানালে, আমরা দ্রুত একটি গতিরোধক নির্মাণ করে দিই। ফলে জনগণ অবরোধ তুলে নেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। যান চলাচল করছে। তবে লাশ দুটি এখনো ঢাকা মেডিকেলে আছে।’