মুন্সিগঞ্জে সাংবাদিককে গুলি
মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় গতকাল রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে মো. মোকতার হোসেন (৪০) নামের একজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে তিনি চিকিত্সাধীন বলে ডেইলি স্টার অনলাইনে প্রকাশিত খবরে জানা যায়।মোকতার হোসেন মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা বিক্রমপুর সংবাদের প্রতিনিধি বলে জানা গেছে। তাঁর বুকে, তলপেট, কাঁধ ও উরুতে গুলি লেগেছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডেইলি স্টার অনলাইন আরও জানায়, স্থানীয় সন্ত্রাসী লিয়াকত হোসেন গতকাল রাত সাড়ে আটটার দিকে সিরাজদীখানের তুলসীখালী বাসস্ট্যান্ডে মোকতারকে লক্ষ্য করে নয়টি গুলি ছোড়ে। লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শাহাবউদ্দিন খান বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।মোকতারের স্ত্রী শায়লা আক্তার বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবস্থানের কারণেই সম্ভবত তাঁর স্বামীকে গুলি করা হয়েছে।১৫ জুন যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে জামাল উদ্দীন (৪২) নামের এক সাংবাদিককে খুন করে দুর্বৃত্তরা। জামাল যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার কাশিপুর প্রতিনিধি ছিলেন। তিনি ডিহি ইউনিয়ন যুবলীগের সহসভাপতিও ছিলেন।