মুন্সিগঞ্জে সেতুর রেলিং ভেঙে ট্রাক নিচে পড়ে নিহত ৪
মুন্সিগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুর রেলিং ভেঙে বালুবোঝাই একটি ট্রাক নিচে পরে গিয়ে শিশুসহ চারজন নিহত ও তিনজন আহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলো রিপন (৩০), সাইদুল (৩১), বর্ষা নামের এক শিশু ও অজ্ঞাতনামা একজন। তারা সবাই ট্রাকের যাত্রী ছিল।আজ রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা সোয়া একটার দিকে ট্রাকটি ষষ্ঠ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুতে একটি বাসকে জায়গা দিতে গেয়ে পাশের ফুটপাতের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চারজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হন।সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে আছে। লাশের স্বজনেরা এলে তাদের হাতে লাশ তুলে দেওয়া হবে।উল্লেখ্য, হতাহত ব্যক্তিরা সবাই নারায়ণগঞ্জের আলীগঞ্জে বাস করে। তাঁদের সবার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।