মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় আজ মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র রানা শেখের মৃত্যু হয়েছে। মাছবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রানা শেখ আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা থেকে মোটরসাইকেলে মুন্সিগঞ্জে যাচ্ছিলেন। পথে সিরাজদীখান রৌশোনিয়া টানা ব্রিজের কাছে ঢাকাগামী ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রানা ছিটকে রাস্তার ওপর পড়ে যান। তাঁর পকেটে থাকা কাগজ থেকে একটি মোবাইল ফোন নম্বর নিয়ে স্থানীয়রা ফোন করলে রানার চাচাতো ভাই আলমগীর হোসেন ঘটনাস্থলে যান। আলমগীর হোসেন জানান, রানা তাঁর মা-বাবার সঙ্গে ওয়ারীতে থাকতেন। তাঁর বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। চার দিন আগে নতুন মোটরসাইকেল কিনেছেন। সেই মোটরসাইকেলে করে তিনি গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে যাচ্ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে রানাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রানার মৃত্যুর খবর পৌঁছলে ঢাকা কলেজে শোকের ছায়া নেমে আসে।