মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় ইকরামুল (২৪) ও জহিরুল (৫২) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। থেমে থাকা একটি ট্রাকের পেছন দিকে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা মাইক্রোবাসের যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। তাঁদের প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাতটার দিকে গজারিয়ার আলিপুর এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাসটি থেমে থাকা একটি ট্রাকের পেছন দিকে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ইকরামুল ও জহিরুল নিহত হন। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট মো. জয়নাল আবেদিন প্রথম আলো ডটকমকে জানান, আলীপুর এলাকার ওই রাস্তায় একটি বাঁক আছে। মাইক্রোবাসটি দ্রুতগতিতে মোড় নেওয়ার সময় বাঁকে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের পেছনে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।