মুন্সিগঞ্জে হরতালে বিএনপি নেতাদের কারখানা চালু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে জেলা বিএনপির ডাকে গতকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল আংশিক পালিত হয়েছে। শহরের কয়েকটি পয়েন্টে দোকানপাট বন্ধ থাকলেও অফিস, আদালত, ব্যাংক-বিমার কার্যক্রম স্বাভাবিক ছিল। শহরে রিকশা, ভ্যান, টেম্পো ও অটোরিকশা চললেও ভারী যানবাহন বন্ধ ছিল। মুন্সিগঞ্জ-ঢাকা রুটে কোনো যাত্রীবাহী বাস চলেনি। তবে লঞ্চ চলেছে। হরতালের সমর্থনে গাড়ির চাকা ঘুরবে না, কলকারখানা চলবে না—এমন স্লোগান দিয়ে শহরের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল হলেও দলের অনেক নেতার মালিকানাধীন কলকারখানা চালু ছিল।মুন্সিগঞ্জের মিরকাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন হত্যার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়। বিএনপির দাবি, আকবর গত বুধবার মুন্সিগঞ্জ থেকে ঢাকায় দলের মহাসমাবেশে যাওয়ার পথে সদরঘাটে যুবলীগ-শ্রমিক লীগের কর্মীদের হামলার পর থেকে নিখোঁজ হন। পরদিন ঢাকার সদরঘাটে বুড়িগঙ্গা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে মুক্তারপুরে জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের কারেন্ট জাল তৈরির কারখানায় গিয়ে দেখা যায়, কারখানা চালু রয়েছে। কয়েকজন নারীশ্রমিক কাজ করছেন। পাশেই তাঁর ছোট ভাই দলের সদর উপজেলা সভাপতি মহিউদ্দিন আহমদের তন্ময় ফিশিং নেট কারখানাও চালু ছিল। এ কারখানার প্রধান ফটক থেকেই যন্ত্রের শব্দ শোনা যায়। ভেতরে ঢুকতে চাইলে প্রহরী জানান, মালিকের অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। মালিক কে জানতে চাইলে বলেন, আবদুল হাইয়ের ভাই মহিউদ্দিন আহমদ। সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলের ইউনিয়ন আহ্বায়ক হাবিবুর রহমানের জাল তৈরির কারখানা আরাফাত ফাইবার ইন্ডাস্ট্রিজ শহরের কাছে নয়াগাঁও এলাকায় অবস্থিত। সেখানে গিয়ে দেখা যায়, শ্রমিকেরা যন্ত্রে জাল তৈরি করছেন। পাশেই একই মালিকের হার্ডবোর্ড তৈরির কারখানাও চালু ছিল। এ ছাড়া মুক্তারপুরে বিএনপির নেতাদের মালিকানাধীন আরও কয়েকটি কারখানা চালু ছিল।আরাফাত ফাইবার ইন্ডাস্ট্রিজের সুপারভাইজার মনির হোসেন জানান, হরতালে কারখানা কেন চালু রয়েছে, তা মালিকই ভালো বলতে পারবেন। হরতালে দলের নেতাদের মালিকানাধীন কলকারখানা চালু প্রসঙ্গে আবদুল হাই প্রথম আলোকে বলেন, ‘আমারটা বন্ধ আছে। তন্ময় ফিশিং নেট আমার ছোট ভাইয়ের।’ পাশেই ছিলেন ছোট ভাই মহিউদ্দিন। মহিউদ্দিন বলেন, ‘না তো, আমার কারখানা খোলা থাকবে কেন? আমারটাও বন্ধ।’ পাশেই বিএনপির কয়েকজন নেতা বলেন, এখন সবকিছু দেখলে চলবে না। পৌর মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বলে এখন যদি তাঁরাই (বিএনপির নেতারা) নিজেদের কলকারখানা চালু রাখেন, তবে এর প্রতিবাদ কে করবে। সাধারণ জনগণের সব দিকেই বিপদ।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল নয়টার দিকে আবদুল হাইয়ের নেতৃত্বে একটি মিছিল মুক্তারপুর থেকে শুরু হয়ে দলের জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মুক্তারপুরে মহিউদ্দিন আহমদ ও হাবিবুর রহমান দলের নেতা-কর্মীদের নিয়ে মিছিল করেন। গজারিয়ায় বিএনপি মিছিল বের করলে পুলিশ রসুল মার্কেটের সামনে আটকে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে মুক্তারপুর সেতুর কাছে একটি বোমা বিস্ফোরিত হয়। দুপুর দুইটার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। হরতালে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বাধার খবর পাওয়া যায়নি।জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, হরতাল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে মুক্তারপুর সেতুর কাছে একটি বোমা বিস্ফোরিত হলে সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া রামপাল থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। হরতালের জন্য অতিরিক্ত পুলিশ আনা হয়। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন ছিল।