মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ১৪৪ ধারা জারি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নের সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল মাঠ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।টঙ্গিবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিরা হায়দার জানান, সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল মাঠে আজ সকাল ১০টায় ইউনিয়ন যুবদল ঈদ পুনর্মিলনীর আয়োজন করে। অন্যদিকে, এর ১০০ গজের মধ্যে বানারী উচ্চবিদ্যালয়ের মাঠে ইউনিয়ন যুবলীগ একই সময়ে ত্রিবার্ষিক সম্মেলনের ডাক দেয়। গতকাল বিকেলে তিনি এ খবর জানার পর স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে তা প্রত্যাহারের আহ্বান জানান। কিন্তু কোনো পক্ষই এসব অনুষ্ঠানের জন্য লিখিত অনুমতি নেয়নি। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।টঙ্গিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ওই দুই স্কুল মাঠে পুলিশ মোতায়েন করা হয়েছে।