মুন্সিগঞ্জের বাউসিয়ায় ৪০০ একর জমিতে পোশাক-পল্লি হচ্ছে
সরকার মুন্সিগঞ্জ জেলার বাউসিয়ায় ৪০০ একর জমির ওপর ‘পোশাক-পল্লি’ স্থাপনের পরিকল্পনা নিয়েছে। তৈরি পোশাকশিল্পের উন্নয়নে গঠিত ‘সোশ্যাল কমপ্লায়েন্স ফোরাম ফর আরএমজি’র ১৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জানানো হয়, ‘পোশাক-পল্লি’ স্থাপনে ৬০০ থেকে ৭০০ কোটি টাকা ব্যয় হতে পারে। এ লক্ষ্যে ছয় মাসের মধ্যে একটি প্রকল্প চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ।ঢাকার অদূরে মুন্সিগঞ্জের বাউসিয়ায় পোশাক-পল্লি স্থাপিত হলে একদিকে পোশাকশিল্পের আধুনিকায়ন হবে, অন্যদিকে আশির দশকে স্থাপিত পোশাক কারখানা পরিবেশসম্মত হবে। এ ছাড়া ঢাকার যানজট বহুলাংশে নিরসন হবে।জানুয়ারির প্রথম থেকে ইইউর জিএসপি বিষয়ে নতুন সুবিধা প্রদান, জাপানে তৈরি পোশাকশিল্পের জন্য রুলস অব অরিজিন শিথিল হওয়া এবং বিশ্বের অর্থনৈতিক মন্দা কেটে যাওয়ায় পোশাকশিল্পের সম্ভাবনা বেড়ে গেছে। ক্রমবর্ধমান বিশ্বের চাহিদা মেটাতে বাংলাদেশের পোশাকশিল্প যাতে আন্তর্জাতিক মানসম্পন্ন হয়, সে ব্যাপারে সভায় বিস্তারিত আলোচনা শেষে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সিদ্ধান্তের মধ্যে আছে, প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সরকারি টিটিসিগুলোয় এ শিল্পের উপযুক্ত কোর্স চালু করার পদক্ষেপ, অগ্নিনির্বাপণের বিষয়ে আরও বেশি সজাগ হওয়া, প্রত্যেক পোশাক কারখানায় তিন মাসের মধ্যে পার্টিসিপেশন কমিটি গঠন, কারখানাগুলোকে শতভাগ কমপ্লায়েন্ট করা ইত্যাদি।সভায় ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার মাধ্যমে পোশাক কারখানায় কর্মচারীদের নিয়োগপত্র, পরিচয়পত্র, ন্যূনতম মজুরি, যথাসময়ে অতিরিক্ত কাজের ভাতা, সাপ্তাহিক ছুটি ও প্রসূতিকল্যাণ সুবিধা প্রদান এবং পার্টিসিপেশন কমিটিসহ সাতটি বিষয় পর্যালোচনা করা হয়। এসব বিষয়ে আরও উন্নত ও কার্যকর ব্যবস্থা নেওয়ায় সভায় একমত পোষণ করা হয়।সভায় বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী জানান, নভেম্বরের ১ তারিখ থেকে ন্যূনতম বেতন কাঠামো কার্যকরের বিষয়টি ইতিমধ্যে শতকরা ৮৫ ভাগ পোশাক কারখানায় বাস্তবায়িত হয়েছে। শিগগিরই শতভাগ কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রপ্তানি) মনোজ কুমার রায়ের সঞ্চালনায় সভায় অতিরিক্ত বাণিজ্যসচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান জালাল আহমেদ, ইপিবির মহাপরিচালক মো. আমীর হোসেন, বিকেএমইএর দ্বিতীয় সহসভাপতি মো. হাতেম এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।—বাসস