মুফতি আমিনীকে গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ ছয়টি সংগঠন আগামী ৪ এপ্রিল হরতাল আহ্বানকারী মুফতি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। একই সঙ্গে হরতালকে অবৈধ হিসেবে আখ্যা দিয়ে তা প্রতিরোধের আহ্বানও জানানো হয়।আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ওলামা লীগসহ ছয়টি সংগঠনের পক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নেতারা এই দাবি জানান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী। এ সময় অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সাংবাদিক সম্মেলনে বলা হয়, নারী নীতিমালা নিয়ে আলেম সমাজের একটি অংশ বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করছে। যারা হরতালের ডাক দিয়েছে, তাদের বিরুদ্ধে আলেম সমাজ ঐক্যবদ্ধ।নেতারা বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল। কোরআন সুন্নাহবিরোধী কোনো আইন দেশে পাস হবে না; এটা আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি।সাংবাদিক সম্মেলন শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে হরতালের প্রতিবাদে, মুফতি আমিনীকে গ্রেপ্তারের দাবিতে আওয়ামী ওলামা লীগ, জাতীয় কোরআন শিক্ষা মিশন, বাংলাদেশ ফিতনা প্রতিরোধ কমিটি, বাংলাদেশ এতিমখানা কল্যাণ পরিষদ, জাতীয় ওলামা পরিষদ ও আহলে সুন্নত ওয়াল জামায়াতের নেতারা মানববন্ধন করেন। খবর: বাসস।