মুফতি ইজহারসহ হুজির ৫ সদস্যের রিমান্ড নামঞ্জুর
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) পাঁচ সদস্যসহ ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ইজহারুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে। আজ সোমবার শুনানির পর চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকতার হোসেন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, সন্ত্রাস দমন আইনে ওই পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা হয়। মামলায় রাউজান থানা পুলিশ তাঁদের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। রিমান্ড মঞ্জুর না হওয়ায় রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত হয়েছে বলে চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম মন্তব্য করেন। গত ১৫ ডিসেম্বর বিকেলে লালখান বাজারের একটি মাদ্রাসা থেকে মুফতি ইজহারকে গ্রেপ্তার করা হয়। এর আগে ১২ ডিসম্বর ভোরে রাউজান ও কাউখালীর সীমান্তবর্তী পাহাড়ি এলাকা গোদারপাড় থেকে হুজির পাঁচজন সদস্য গ্রেপ্তার হন। তাঁরা হলেন মো. মাহফুজুর রহমান (২৯), আবুল ফারাহ রুমমান (৩০), আবুল কালাম (৪৫), মো. সালাউদ্দিন হুসাইনী (৩৭) ও মো. আবদুল্লাহ আল আমীন (৩১)। তাঁদের কাছ থেকে প্রশিক্ষণ বই, সন্ত্রাসী আক্রমণের নকশা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম, ইলেকট্রনিক সার্কিটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।চট্টগ্রাম জেলা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘হুজির জঙ্গিদের কাছে সন্ত্রাসী আক্রমণের নকশা, ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, ইলেকট্রনিক সার্কিটসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। এ ব্যাপারে আমরা আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছি। মামলায় যথেষ্ট উপাদান থাকা সত্ত্বেও রিমান্ড মঞ্জুর না হওয়ায় রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।’