মুফতি ইজাহারুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর
পৃথক দুটি মামলায় আদালত ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ইজাহারুল ইসলাম চৌধুরীর দুই দিন করে চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন। চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেশব রায়চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত ওই দুই মামলায় নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) পাঁচ সদস্যের প্রত্যেকের তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।সন্ত্রাস দমন আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে রাউজান থানায় মামলা দুটি করা হয়। ওই থানার উপপরিদর্শক (এসআই) এম এ লতিফ প্রতি মামলায় প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। র্যাব জানায়, হরকাতুল জিহাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত ১৫ ডিসেম্বর ইজাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আর এর আগে রাউজানের গোপন আস্তানা থেকে হুজির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদে মুফতি ইজাহারের সঙ্গে তাদের যোগাযোগের বিষয়টি বেরিয়ে আসে। তা ছাড়া ইজাহার ১৫ ডিসেম্বর সকালে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার ওই পাঁচজনকে নির্দোষ দাবি করেন। এতে হুজির সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি স্পষ্ট হয়।