মুফতি জসীম জেএমবিরও প্রশিক্ষক ছিলেন
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানী নয় বছর আগে জেএমবির (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) জন্যও প্রশিক্ষণের আয়োজন করেছিলেন। ২০০৪ সালের ৩০ জুন বরগুনা সদর উপজেলার শিয়ালিয়া গ্রামে ওই প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৩ জন জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ।ওই অভিযানে যুক্ত পুলিশের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, ওই ৩৩ জনের মধ্যে গুরুত্বপূর্ণ ছয় জঙ্গিকে প্রথমে বরগুনায় ও পরে ঢাকায় যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে (জেআইসি) নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁরা জানান, ঢাকার মোহাম্মদপুরে জামেয়া রাহমানিয়া মাদ্রাসার শিক্ষক জসীমউদ্দিন শিয়ালিয়ায় ওই প্রশিক্ষণের আয়োজক ছিলেন। তখন ঢাকার ওই মাদ্রাসায় অভিযানও চালানো হয়। কিন্তু জসীমউদ্দিনকে ধরা যায়নি।নয় বছর পর সেই জসীমউদ্দিনই ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ নামে বরগুনায় আবার জঙ্গি প্রশিক্ষণের আয়োজন করতে গিয়ে ৩১ সহযোগীসহ ধরা পড়লেন। ২০০৪ সালে গ্রেপ্তার হওয়া ওই ৩৩ জনের মধ্যে দুজনকে (পরে আর জঙ্গি তৎপরতায় জড়াননি) গত শুক্রবার মুফতি জসীমের ছবি দেখানো হয়। তাঁরা প্রথম আলোকে নিশ্চিত করেন, জেএমবির সেই জসীমউদ্দিন ও আনসারুল্লাহর জসীমউদ্দিন একই ব্যক্তি।২০০৪ সালে ৩৩ জঙ্গিকে গ্রেপ্তারের ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন বরগুনা থানার তৎকালীন উপপরিদর্শক মো. সহিদুল ইসলাম। তিনি বর্তমানে সিআইডির পটুয়াখালী জেলার পরিদর্শক। তিনি গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন ঢাকায় জেআইসিতে এবং বাকি ২৭ জন বরগুনায় পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছিলেন, তাঁদের ওই প্রশিক্ষণের আয়োজক ছিলেন জসীমউদ্দিন। ঢাকায় আনসারুল্লাহ বাংলা টিমের ওপর নজরদারি করেন, গোয়েন্দা সংস্থাসহ এমন একাধিক সূত্র প্রথম আলোকে বলেছে, মুফতি জসীমউদ্দিন রাহমানী নতুন নামে জঙ্গি তৎপরতা শুরু করার পর তাঁর বছিলার মাদ্রাসায় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জেএমবিসহ আহলে হাদিস মতাদর্শে বিশ্বাসী অনেকের যাতায়াত ছিল। এ ছাড়া গত সোমবার মুফতি জসীমউদ্দিনের সঙ্গে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আলী হোসেন ওরফে মাঈনুদ্দীন ২০১০ সালের শুরুতে একবার গ্রেপ্তার হয়েছিলেন। তখন গাজীপুরে গ্রেপ্তার হওয়া জেএমবির নেতা (বরিশালে বোমা হামলা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত) মেহেদী হাসান ওরফে তানভীরের স্বীকারোক্তি অনুযায়ী বরগুনা থেকে আলী হোসেনকে র্যাব গ্রেপ্তার করে। পরে গাজীপুরের পুলিশ ওই মামলার অভিযোগপত্র থেকে আলী হোসেনের নাম বাদ দিলে মুক্তি পান বলে তিনি এবার গ্রেপ্তারের পর প্রথম আলোকে বলেন। তাঁর দাবি, বরগুনা শহরের তাঁর রেস্তোরাঁয় (বিসমিল্লাহ হোটেল) তানভীর খাবার খেতে এলে পরিচয় হয়। ২০০৪ সালে গ্রেপ্তার হওয়া ওই ৩৩ জঙ্গির বিরুদ্ধে তখন পুলিশ একটি হত্যাচেষ্টা মামলা করে। তাঁদের বাড়ি বরগুনা ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। মামলার নথিপত্রে দেখা যায়, ওই বছরের ৪ আগস্ট ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ফলে বাকি ২৭ জনকে অব্যাহতি দেন আদালত। এর ছয় দিনের মাথায় অভিযোগপত্রভুক্ত ছয় জঙ্গিও ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পান। পরবর্তীকালে দুর্বল অভিযোগপত্রের কারণে ওই ছয় জঙ্গি মামলা থেকে খালাস পান। এই ছয়জন হলেন বরগুনা পুলিশ লাইনস মসজিদের তৎকালীন ইমাম অলিউল্লাহ, হাফেজ মোস্তফা হাসান, হাফেজ আল-আমিন ওরফে আবদুল্লাহ, আসাদুল ইসলাম ওরফে আরিফ, আবদুল হক আব্বাসী ও মাসুম বিল্লাহ। এই ছয়জনসহ ওই সময় গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জন ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী জেএমবির বোমা হামলার দিন বরগুনা, পটুয়াখালী ও বরিশালে হামলায় অংশ নেন। এঁদের নয়জনকে পরবর্তী সময়ে এসব মামলায় যাবজ্জীবন সাজা দেন আদালত। বাকি একজন আসাদুল ইসলাম ওরফে আরিফ ২০০৫ সালের ১৪ মে ঝালকাঠিতে দুই বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহম্মেদকে বোমা মেরে হত্যার ঘটনায় জড়িত ছিলেন। ২০০৬ সালের ২৯ মে আদালত তাঁর মৃত্যুদণ্ডাদেশ দেন। এখন তিনি খুলনা কারাগারে আছেন।যাবজ্জীবন দণ্ডিতদের মধ্যে তিনজন শহিদুল্লাহ ওরফে বক্সার শহিদ, আবদুল হক আব্বাসী ও হাফেজ আবদুর রহমান এখনো পলাতক রয়েছেন। শহিদুল ইসলাম, মো. রেজাউল করিম ও মাসুম বিল্লাহ নামের তিনজন উচ্চ আদালত থেকে জামিনে আছেন। বরগুনার পুলিশের কাছে ওই ৩৩ জঙ্গির মধ্যে সাজাপ্রাপ্ত ১০ জনের ব্যাপারে কিছু খোঁজখবর থাকলেও বাকি ২৩ জনের সম্পর্কে কোনো তথ্য নেই। বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রথম আলোকে বলেন, ওই ৩৩ জঙ্গি গ্রেপ্তারের সময় তিনি বরগুনায় ছিলেন না। তাই তিনি কিছু জানেন না। এখন তাঁদের ব্যাপারে খোঁজ নেবেন বলে জানান তিনি। কারাগারে জসীমের সঙ্গে অনুসারীদের যোগাযোগ: বরগুনা জেলা কারাগারে মুফতি জসীমের সঙ্গে গত বৃহস্পতিবার বেশ কয়েকজন তরুণ দর্শনার্থী সাক্ষাৎ করেন। কারাগারে একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, এ সময় মুফতি জসীম তাঁর অনুসারী ওই সব তরুণকে মনোবল না হারিয়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।এ ছাড়া গতকাল শনিবার জসীমউদ্দিনের সঙ্গে গ্রেপ্তার হওয়া বাকি ৩০ জনের সঙ্গে কারাগারে শতাধিক ব্যক্তি সাক্ষাৎ করতে দেখা গেছে।কারাগারে এসব জঙ্গির সঙ্গে কারা কারা দেখা করতে আসেন, সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো নজরদারি আছে কি না, জানতে চাইলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শীলমণি চাকমা বলেন, কারাগারের বাইরে গোয়েন্দা পুলিশের নজরদারি থাকার কথা। কিন্তু আছে কি না, তা তিনি নিশ্চিত জানেন না।বরগুনা কারাগারের তত্ত্বাবধায়ক (সুপার) ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, একজন সাধারণ হাজতি যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, মুফতি জসীমও তা পাচ্ছেন। তবে নিরাপত্তার কারণে তাঁকে অন্যান্য কয়েদির থেকে আলাদা করে রাখা হয়েছে।সৌদি বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি বাংলাদেশ: সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুফতি জসীমউদ্দিন কিছুদিন মদিনা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক ছিলেন বলে যে খবর বের হয়েছে, তা সঠিক নয়। সংগঠনটি দাবি, জসীমউদ্দিন সৌদি আরবের কোনো বিশ্ববিদ্যালয়ে কখনো লেখাপড়া বা শিক্ষকতা করেননি।