মুফতি জসীমের চার দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীর পক্ষে করা জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মইনুদ্দিন নোমান।বরগুনার গোয়েন্দা পুলিশের ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে গতকাল বুধবার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মুফতি জসীমের সঙ্গে গ্রেপ্তার হওয়া বাকি ৩০ জনকে রিমান্ডে নিতে পুনরায় আলাদাভাবে আবেদন করার নির্দেশ দেন আদালত। এ সময় আসামিদের আদালতে হাজির করা হয়।১২ আগস্ট দুপুরে বরগুনার সদরের দক্ষিণ খাজুরতলার একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম ও তাঁর ৩০ সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে পুলিশ বরগুনা থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে এবং জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে ১৩ আগস্ট আদালতে আবেদন করে গোয়েন্দা পুলিশ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা মুফতি জসীমসহ অন্যদের জামিনের জন্য আবেদন করেন। গতকাল উভয় আবেদনের ওপর শুনানি হয়।শুনানিতে জামিন আবেদনের বিরোধিতা করে সংশ্লিষ্ট আদালতের পুলিশ পরিদর্শক আকবর হোসেন আদালতে বলেন, মুফতি জসীম একজন শীর্ষস্থানীয় জঙ্গিনেতা। তিনি খুতবায় উগ্রপন্থী বয়ান দিয়ে দেশের যুবসমাজ ও সাধারণ মানুষকে জঙ্গি তৎপরতায় উৎসাহিত করে আসছেন। রিমান্ড আবেদনের পক্ষে শুনানিতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোবাশ্বের আলী আদালতে বলেন, মুফতি জসীম একটি জঙ্গি সংগঠনের প্রধান নেতা। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তিনি নিজস্ব ওয়েবসাইটে উগ্র জিহাদি বয়ান দিয়ে যুবসমাজকে জঙ্গি তৎপরতায় উৎসাহিত করছেন। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।