মুফতি জসীমের মাদ্রাসায় তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উগ্রপন্থী গোপন সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীকে ব্লগার রাজীব হায়দার হত্যা মামলা ও ব্লগার আসিফ মহীউদ্দিন হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ডিবি এ আবেদন করে। আর বরগুনার পুলিশ গতকাল তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় মুফতি জসীমউদ্দিনকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাঈনুদ্দিন নোমানের আদালতে। বিচারক ২১ আগস্ট রিমান্ডের আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। বরগুনা শহরের উপকণ্ঠে দক্ষিণ খাজুরতলা এলাকার একটি বাড়িতে বৈঠককালে গত সোমবার দুপুরে মুফতি জসীমউদ্দিন রাহমানীকে ৩০ জন অনুসারীসহ পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের ওই দিন রাতেই গণমাধ্যমকর্মীদের চোখ এড়িয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়। এদিকে গতকাল ঢাকায় মুফতি জসীমউদ্দিনের প্রতিষ্ঠিত মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, পাঠাগার ও পাশের বিভিন্ন ঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে ধর্মীয় উগ্র মতাদর্শের বিভিন্ন বই, পুস্তিকা, প্রচারপত্র, সিডি, কম্পিউটারসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।ডিবির সূত্র জানায়, আদালত থেকে তল্লাশি পরোয়ানার অনুমতি নিয়ে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের (এডিসি) নেতৃত্বে ডিবির একটি দল মোহাম্মদপুরের বছিলা রোডে মেট্রো হাউজিং এলাকায় ওই মাদ্রাসায় অভিযান চালায়। এ সময় কর্তব্যরত কর্মচারী হেলালউদ্দিন মাদ্রাসার তালা খুলে দিলে ডিবি পুলিশ তল্লাশি শুরু করে। উদ্ধারকৃত মালামাল ট্রাকে ভরে ডিবি কার্যালয়ে এনে জব্দ তালিকা তৈরি করা হয়।একটি গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, মুফতি জসীমউদ্দিন এ মাদ্রাসার পরিচালক। এটি তাঁর সংগঠনের প্রধান আস্তানা হিসেবে ব্যবহূত হচ্ছিল। তাঁর অনুসারীদের কাছে এটা মারকাজ নামে পরিচিত। বিভিন্ন এলাকা থেকে তাঁর মতাদর্শের অনুসারীরাসহ আনসারুল্লাহর সদস্যরা শুক্রবার সেখানে জুমার নামাজ পড়েন। নামাজ শেষে পাঠচক্রে অংশ নেন। এ ছাড়া বিভিন্ন নির্দিষ্ট দিনে তাঁদের সাংগঠনিক আলোচনা-বয়ান ও বৈঠক হয় বলে গোয়েন্দা পুলিশ তথ্য পেয়েছে।ডিবির এডিসি মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার সময় ঘটনাস্থলে মুফতি জসীমউদ্দিন উপস্থিত না থাকলেও তিনি হত্যায় জড়িত নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উৎসাহিত ও উদ্বুদ্ধ করেছেন। রাজীব হত্যায় গ্রেপ্তার হওয়া পাঁচ শিক্ষার্থী জিজ্ঞাসাবাদে ডিবিকে বলেছেন, তাঁরা এবং যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের অভিযোগে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কাজী রেজওয়ানুল আহসান নাফিস ঢাকায় থাকাকালে মুফতি জসীমউদ্দিনের খুতবা শুনতে বছিলায় যেতেন। জসীমউদ্দিনের বক্তব্যে তাঁরা ‘নাস্তিক’ ব্লগারদের হত্যা করতে অনুপ্রাণিত হয়েছেন।শুধু তা-ই নয়, আল্লাহ ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারী ‘নাস্তিক’ ও ‘মুরতাদ’ ব্লগারদের এবং তাঁদের সমর্থনকারীদের হত্যা করার জন্য মুফতি জসীমউদ্দিন তাঁর অনুসারীদের প্রতি জুমার নামাজের খুতবা ও ওয়াজ-মাহফিলে আহ্বান জানিয়েছেন। তাঁর এসব বক্তব্য আনসারুল্লাহ বাংলা টিমসহ উগ্রপন্থীদের বিভিন্ন ওয়েবসাইটে প্রচারও করা হয়। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীর পলাশনগরের নিজ বাসার কাছে ব্লগার রাজীব হায়দারকে (৩৪) কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থী—ফয়সাল বিন নাঈম ওরফে দীপ, মাকসুদুল হাসান ওরফে অনিক, এহসান রেজা ওরফে রুম্মান, নাঈম সিকদার ওরফে ইরাদ ও নাফিস ইমতিয়াজ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও মুফতি জসীমের কাছে যাওয়ার কথা বলেছেন। ডিবির কর্মকর্তারা বলেন, মুফতি জসীম ইতিমধ্যে তরুণ চিকিৎসক, শিক্ষক ও প্রকৌশলীসহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শ্রমজীবী মিলে বেশ কিছু অনুসারী তৈরি করেছেন। তাঁরা জসীমউদ্দিনের নির্দেশনা বাস্তবায়নে প্রাণ দিতেও প্রস্তুত। একটি গোয়েন্দা সংস্থা গত এপ্রিলে মুফতি জসীমউদ্দিনের গোপন জঙ্গি তৎপরতার ব্যাপারে কয়েক দফা সুপারিশসহ ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি প্রতিবেদনও দিয়েছিল বলে জানা গেছে।মামলা নিয়ে নাগরিক সমাজের বিস্ময় মুফতি জসীমের অনুসারীদের পরিচালিত বিভিন্ন ওয়েবসাইটে সশস্ত্র জিহাদ ও কথিত নাস্তিক-মুরতাদদের হত্যা করার নির্দেশনাসংবলিত বক্তব্য, বিবৃতি ও বইপুস্তক প্রকাশ অব্যাহত রয়েছে। এর পরও তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ না আনায় বরগুনার নাগরিক সমাজের অনেকে বিস্ময় প্রকাশ করেছেন। বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মোতালেব মিয়া বলেন, মুফতি জসীমউদ্দিনের বক্তব্যে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার যথেষ্ট উপাদান রয়েছে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, ‘বিষয়টিকে হালকা করে দেখার উপায় নেই। এ ক্ষেত্রে কোনো প্রকার শিথিলতা মেনে নেওয়া হবে না।’ স্থানীয় পুলিশ প্রশাসনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মুফতি জসীমউদ্দিন তাঁর ওয়েবসাইটে সরাসরি রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে জিহাদে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। ‘নাস্তিক’ ব্লগারদের হত্যার নির্দেশ দিয়েছেন। এটা রাষ্ট্র ও প্রচলিত আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। এ ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১২১(ক) ধারায় (রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র) মামলা করার যথেষ্ট যৌক্তিকতা আছে। জানতে চাইলে বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘আমরা তাৎক্ষণিক যেসব ডকুমেন্টস পেয়েছি, সেগুলোর ভিত্তিতে মামলা করেছি।’ তিনি দাবি করেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সবকিছু হচ্ছে। মুফতি জসীমউদ্দিন যে গোপন উগ্রপন্থী গোষ্ঠীর এত বড় নেতা, তা জানতেন না তাঁর নিজ গ্রাম বরগুনা সদরের দক্ষিণ হেউলিবুনিয়ার মানুষ। গতকাল বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের বিষয়টি এলাকায় জানাজানি হয়। ওই গ্রামের লোকমান সিকদার বলেন, মুফতি জসীম ছোটবেলা গ্রাম ছেড়ে যান। ১০-১২ বছর আগে থেকে প্রতিবছর দু-একবার এলাকায় আসতেন এবং হেউলিবুনিয়া দাখিল মাদ্রাসা মাঠে মাহফিলে বক্তৃতা করতেন। মাঝে গত দুই বছর এলাকায় আসেননি। এবার ঈদের পরদিন তিনি এলাকায় আসেন। জসীমউদ্দিনের ছোট ভাই আবুল বাশার প্রথম আলোকে বলেন, জসীমউদ্দিন একসময় চরমোনাই পীরের দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বরিশাল জেলার সভাপতি ছিলেন। মতের অমিল হওয়ায় তিনি ১৯৯৭ সালে ওই দল থেকে পদত্যাগ করেন। এর পর থেকে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে এবং খিলাফত তথা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে প্রচার চালিয়ে আসছেন।