মুফতি জসীমের মুক্তি চেয়ে ভিডিও বার্তা
বরগুনায় গ্রেপ্তার হওয়া ‘আনসারুল্লাহ বাংলা টিমের’ প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীর মুক্তি চেয়ে ইন্টারনেটে ভিডিও বার্তা ছেড়েছেন যুক্তরাজ্যের আবদুল্লাহ আল ব্রিটানি নামের এক ব্যক্তি।‘গ্লোবাল তাওহিদ’ নামে ইউটিউবে এই ভিডিও বার্তা আপলোড করা হয়। ইউটিউবে ‘গ্লোবাল তাওহিদ’ আল্লাহর অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বলে দাবি করা হয়। যুক্তরাজ্যের সংবাদমাধ্যমে আবদুল্লাহ আল ব্রিটানিকে বিতর্কিত ধর্মীয় নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।ইউটিউবে আবদুল্লাহ আল ব্রিটানির আরও বেশ কয়েকটি ভিডিও বার্তা রয়েছে, যেখানে আল-কায়েদার অন্যতম নেতা শায়খ আবু আল লিব্বির প্রশংসা করা হয়েছে। এ ছাড়া আল-কায়েদার আরও বেশ কয়েকজন নিহত যোদ্ধার বীরত্বগাথা নিয়ে আবদুল্লাহ আল ব্রিটানির অনেকগুলো ভিডিও বার্তা রয়েছে।মুফতি জসীমের মুক্তি চেয়ে আবদুল্লাহ আল ব্রিটানির ভিডিও বার্তাটি ‘মুজাহিদীন মিডিয়া’ নামে একটি ওয়েবসাইটে ও ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামে অপর একটি ‘ফেসবুক’ অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। ভিডিও বার্তায় বাংলাদেশের বর্তমান সরকারকে ‘নাস্তিক’ আখ্যায়িত করা হয়েছে।আনসারুল্লাহ বাংলা টিমের সমর্থক ওয়েবসাইট মুজাহিদীন মিডিয়ায় ওই ভিডিও বার্তার লিংক দিয়ে মুফতি জসীমের মুক্তি দাবি করে বাংলায় লেখা আলাদা একটি বার্তাও দেওয়া হয়।মুফতি জসীমউদ্দিনকে ৩০ জন অনুসারীসহ গত সোমবার বরগুনার পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে বরগুনার কারাগারে আছেন।