মুফতি শহীদুলের সাজা বাতিলের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির মামলায় সাবেক সাংসদ ও খেলাফত মজলিসের নায়েবে আমির মুফতি মো. শহীদুল ইসলামের সাজা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এ বি এম খায়রুল হক এ আদেশ দেন। একই সঙ্গে এ সময়ের মধ্যে সরকারপক্ষকে নিয়মিত লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) করতে বলা হয়েছে।অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মুফতি শহীদুলের বিরুদ্ধে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৫ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছরের ১৯ মার্চ বিচারিক আদালতের রায়ে মুফতি শহীদুলকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই সাজার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। চলতি বছরের ১৬ আগস্ট হাইকোর্ট আপিল মঞ্জুর এবং তাঁর সাজার রায় বাতিল ঘোষণা করেন। হাইকোর্টের এই রায়ের স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। তিনি প্রথম আলোকে জানান, হাইকোর্টের রায়ের কার্যকারিতা আপিল বিভাগ স্থগিত করায় শহীদুল ইসলামকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। এ ছাড়া আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে লিভ টু আপিল করা হবে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন।