২১ আগস্ট গ্রেনেড হামলার অভিযুক্ত দুই আসামি মুফতি হান্নান ও মাইনউদ্দিন ওরফে জান্দালকে এবার খুলনার হোমিও চিকিৎসক আজিজুর রহমান অপহরণ মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। সিআইডি কর্মকর্তা ফজলুল কবির তাঁদের সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম ইসমাইল হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।মুফতি হান্নানকে এর আগেও এ মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।প্রসঙ্গত, ২০০৩ সালে খুলনার ইমাম পরিষদ আজিজুরকে মুরতাদ ঘোষণা করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। আজিজুর প্রাণভয়ে সপরিবারে পালিয়ে ঢাকায় চলে আসেন। পরে ঢাকা থেকে তাঁকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, হুজির জঙ্গিরা তাঁকে হত্যা করে লাশ গুম করেছে।এ ঘটনায় ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর আজিজুরের স্ত্রী ফারহানা রেজা বাদী হয়ে রাজধানীর মিরপুর থানায় অপহরণ মামলা করেন। কিন্তু ২০০৭ সালের ১২ মে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলাটির অপমৃত্যু ঘটানো হয় বলে অভিযোগ রয়েছে।২০০৮ সালের ১৮ মে পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজি) নূর মোহাম্মদের সঙ্গে দেখা করে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করেন মামলার বাদী ফারহানা রেজা। আবেদনে তিনি উল্লেখ করেন, ওই বছর ৩ মে প্রথম আলোয় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন, হুজি নেতা মুফতি হান্নানের নেতৃত্বে তাঁর স্বামীকে জঙ্গিরা হত্যা করেছে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের উদ্যোগে আদালতের মাধ্যমে মামলাটি পুনরুজ্জীবিত করা হয়।