মুফতি হান্নান পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিআইডি হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান মুন্সিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। বানিয়ারচর গির্জায় বোমা হামলাসংক্রান্ত হত্যা মামলায় সিআইডি আজ বৃহস্পতিবার তাঁকে গোপালগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে হাকিম আলমগীর কবির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টাসংক্রান্ত রাষ্ট্রদ্রোহ মামলায় অন্য আরও ছয়জন জঙ্গির সঙ্গে মুফতি হান্নানকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। এ সময় আদালত চত্বরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা ছিল। আজ আদালত প্রাঙ্গণে মুফতি হান্নানের সঙ্গে সাংবাদিকদের কথা বলার ওপর অলিখিত নিষেধাজ্ঞা ছিল। র্যাব ও পুলিশ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মুফতি হান্নানের কাছে যেতে বাধা দেয়। এ সময় মুফতি হান্নান চিত্কার করে এর প্রতিবাদ জানান।প্রসঙ্গত, ২০০১ সালের ৩ জুন সাপ্তাহিক প্রার্থনার দিনে বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলায় ১০ জন খ্রিষ্টান ধর্মাবলম্বী নিহত এবং অর্ধশত আহত হয়। এ ছাড়া ২০০০ সালে শেখ হাসিনাকে হত্যার জন্য মুফতি হান্নান ও তাঁর সংগঠন হরকাতুল জিহাদ কোটালীপাড়ায় শেখ লুত্ফর রহমান ডিগ্রি কলেজ মাঠে বোমা পুঁতে রেখেছিল।