মুমতাহিনের যত উদ্ভাবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুমতাহিনুল ইসলামের বয়স ১৭ ছুঁই ছুঁই। পড়াশোনা করছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সিতে। তবে হিসাবের চেয়ে বিজ্ঞান প্রযুক্তিতে মুমতাহিনের আগ্রহ বেশি। পড়াশোনার পুরোটাই কেটেছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়। ছোটবেলা থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়াই ছিল তাঁর শখ। যেখানেই প্রতিযোগিতা হতো, সেখানেই তিনি ছুটে যেতেন সবার অলক্ষে। এ পর্যন্ত তিনি অংশ নিয়েছেন শতাধিক প্রতিযোগিতায় আর জয় করেছেন অর্ধশতাধিক শ্রেষ্ঠ পুরস্কার। এভাবে তাঁর সুপ্ত প্রতিভার কথা খুব বেশি দিন চাঁপা থাকেনি। এমনি একসময় এক বিজ্ঞান প্রতিযোগিতা শুরু হলে সেখানে অংশ নেন মুমতাহিন, তখন পড়াশোনার গণ্ডি কেবল সপ্তম শ্রেণী। সেই থেকেই আকৃষ্ট হন বিজ্ঞানসংক্রান্ত নানা কাজে। বাবা আতিকুল ইসলামেরও এতে উৎসাহ ছিল অনেক। একের পর এক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য তৈরি করতে থাকেন বিভিন্ন প্রকল্প। এই প্রচেষ্টাই তাঁকে সামনে এগোতে উৎসাহ দিতে থাকে প্রতিনিয়ত।বিজ্ঞান নিয়ে আগ্রহ আর অদম্য চেষ্টার মাধ্যমে তিনি একে একে উদ্ভাবন করেন বিদ্যুৎ-সাশ্রয়ী যন্ত্র, পারিবারিক বায়ুবিদ্যুৎ, পা-চালিত বিদ্যুৎ, ঘর শীতলীকরণ যন্ত্র, জ্বালানীবিহীন সেচযন্ত্র প্রভৃতি। ইন্টারনেটের কল্যাণে বিশ্ব এসে গেছে তাঁর হাতের মুঠোয়। বিজ্ঞান নিয়ে উৎসাহী কিছু বন্ধুকে নিয়ে তিনি গঠন করেছেন বালাদেশ ইয়ুথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফোরাম। মুমতাহিনের অদম্য চেষ্টায় উদ্ভাবিত কিছু প্রকল্প তুলে ধরা হলো এই প্রতিবেদনে। বিদ্যুৎ-সাশ্রয়ী যন্ত্রবিদ্যুৎ সাশ্রয় হয় এবং সবার উপকারে আসে—এমন একটি প্রযুক্তি নিয়ে ভাবতে থাকেন মুমতাহিন। বিভিন্ন বই পড়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেট থেকে সংগ্রহ করলেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য। চার মাস পরীক্ষা-নিরীক্ষার পর বিদ্যুৎ-সাশ্রয়ী যন্ত্রটি একটি পূর্ণতা পেল। এটি ব্যবহারের মাধ্যমে ২০ থেকে ৩০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। এটি বৈদ্যুতিক প্লাগে লাগালে উচ্চ বিদ্যুৎ-প্রবাহ প্রতিরোধ করে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি সুরক্ষিত রাখে। যন্ত্রটি সহজেই বহনযোগ্য। পণ্যটি বাজারজাত করতে শুরু করেছে মুমতাহিনের নিজের প্রতিষ্ঠান ডিসকভারি ইন্টারন্যাশনাল লিমিটেড। হাতীবান্ধা এসএস উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার দে এটি ব্যবহার করছেন কিছুদিন ধরে। তিনি জানান, এটি ব্যবহার করার পর মাস শেষে তাঁর বাসার বিদ্যুৎ খরচ কমে এসেছে। এরই মধ্যে পণ্যটির ব্যাপারে দেশের পাশাপাশি অনেক বিদেশি উদ্যোক্তাও আগ্রহ প্রকাশ করেছেন। বিদেশি কিছু প্রতিষ্ঠানও মুমতাহিনের এই পণ্যের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। বায়ুবিদ্যুৎ প্রকল্প বায়ুবিদ্যুৎ প্রকল্প নিয়ে কাজ করেছেন মুমতাহিন। বাসার পাশে সাইকেল মেরামত করার দোকানে গিয়ে পুরোনো সাইকেলের বিয়ারিংয়ের সঙ্গে ডায়নামো যুক্ত করে পিনিয়ামের সাহায্যে সেটি বাতাসে ঘোরানোর উপযোগী করা হয়। এরপর সিলিং ফ্যানের পাখা সেট করে পরীক্ষামূলকভাবে বাড়ির ছাদে স্থাপন করা হয়। এর মাধ্যমে বাতাসে পাখা ঘুরে ডায়ানামো দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়ে (অলটারনেটিভ কারেন্ট) এসি থেকে সার্কিটের সাহায্যে ডিসিতে (ডাইরেক্ট কারেন্ট) রূপান্তরিত করে ব্যাটারি রিচার্জ হয়। এবার তা এসিতে রূপান্তরিত করে একটি ২৩ ওয়াটের এনার্জি বাল্ব জালানো যায় ও টেপরেকর্ডার বাজানো যায়। পা-চালিত বিদ্যুৎ প্রকল্পপা-চালিত বিদ্যুৎ প্রকল্প উদ্ভাবন করেছেন মুমতাহিন। এই কাজের সহায়ক হিসেবে ব্যবহার করা হয় সাইকেলের মতো একটি ব্যায়ামের যন্ত্র। এর সঙ্গে পিনিয়াম ও ডায়নামো যুক্ত করে আধা ঘণ্টা ব্যায়াম করলে একটি ব্যাটারি রিচার্জ করা যায় এবং এ থেকে যে বিদ্যুৎ উৎপাদিত হয়, তা দিয়ে তিনটি এনার্জি সেভিং বাল্বসহ টেলিভিশন চালানো সম্ভব।ঘর শীতলীকরণ যন্ত্রসুতা, পানি ও এর সঙ্গে বৈদ্যুতিক পাখা ব্যবহারে বিদ্যুৎ-চালিত এই যন্ত্র কিছুক্ষণের মধ্যে ঘরকে শীতল করে দেবে। যন্ত্রটি ভেতরে থাকা চলমান পানি একদিক থেকে বাতাস গ্রহণ করে এবং তা নিজের সংস্পর্শে এনে বাতাসকে শীতল করে অপর দিক দিয়ে সেটিকে বের করে দেয়। সহজে বহনযোগ্য এই যন্ত্র পরিবেশবান্ধব এবং দ্রুত ঘর শীতল হয়। এসব ছাড়াও জিয়নকাজ করেছেন জ্বালানিবিহীন পানি উত্তোলনযন্ত্র নিয়ে। মূলত বায়ুর চাপে এটি কাজ করবে। সূর্যের আলোয় এটিকে বায়ুশূন্য করে পরে শীতলীকরণের মাধ্যমে নিচ থেকে পানি ওপরে উঠে আসে এবং তা স্বল্প খরচে সেচকাজে ব্যবহার করা যায়।মুমতাহিনের ইচ্ছা সারা দেশের অপ্রকাশিত মেধাবী উদ্ভাবকদের একত্রিত করে সমন্বিত জ্ঞান দেশের কাজে লাগানো। সামনের দিনগুলোতে আরও উন্নততর কিছু উদ্ভাবনের মাধ্যমে বিকশিত হোন এই তরুণ উদ্ভাবক—এমনই প্রত্যাশা রইল তাঁর জন্য।মোছাব্বের হোসেন