মুমূর্ষু রোগীদের দ্রুত চিকিত্সাসেবা দিতে হাইকোর্টের নির্দেশ
জরুরি চিকিত্সাসেবা নিতে আসা রোগীদের ক্ষেত্রে ভর্তিসহ আনুষঙ্গিক প্রক্রিয়ার জন্য অপেক্ষা না করে দ্রুত তাঁদের চিকিত্সাসেবা দিতে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কয়েক দফা নির্দেশনা দিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে ভর্তিপ্রক্রিয়ার অজুহাতে কোনো রোগীর মৃত্যু হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে—তা জানিয়ে চিকিত্সক ও হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।এসব কার্যক্রম তদারকির জন্য বিশেষজ্ঞ চিকিত্সকের সমন্বয়ে কমিটি গঠন করতে স্বাস্থ্যসচিবকে বলা হয়েছে। হাসপাতালগুলোর চিকিত্সাসেবা কার্যক্রম তদারক করে ওই কমিটিকে স্বরাষ্ট্রসচিবের কাছে প্রতি বছর প্রতিবেদন দাখিল করতে বলা হয়।অন্য এক নির্দেশনায় চিকিত্সানীতি ও চিকিত্সকেরা আচরণবিধি মেনে চলছে কি না, তা পর্যবেক্ষণের জন্য মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে নির্দেশ দেওয়া হয়। কাউন্সিলকে প্রতি বছর স্বাস্থ্যসচিবের কাছে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।এ ছাড়া আদালতের নির্দেশনায় প্রত্যেক চিকিত্সককে মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় আনতে বিধি প্রণয়ন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।গত ১৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, লোকসংগীত-গবেষক ও শিল্পী অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তী রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ঘটনার পর চিকিত্সায় অবহেলার অভিযোগ তুলে ধরে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে আদালত গত ১৭ আগস্ট রুল জারি করেন। এরপর রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আদালত কয়েক দফা নির্দেশনা দিয়ে আদেশ দেন। বিষয়টি চলমান পর্যবেক্ষণ (কনটিনিউয়াস ম্যান্ডামাস) রাখার কথাও জানান আদালত। এ ছাড়া অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তীর পরিবারকে ১০ দিনের মধ্যে ল্যাবএইড কর্তৃপক্ষকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ নিতে নির্দেশ দেওয়া হয়।গত ১৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির মুখে মৃদুলকান্তির পরিবারকে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল ৫০ লাখ টাকা অর্থ সহায়তা দেয়। ওই দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সভা শেষে ল্যাবএইড কর্তৃপক্ষ সংগীত বিভাগের চেয়ারম্যানের কাছে একটি চেক হস্তান্তর করে।আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও ল্যাবএইডের সংশ্লিষ্টদের পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, কোনো নির্দিষ্ট একটি ঘটনার জন্য রিট আবেদনটি করা হয়নি। মানুষের চিকিত্সাসেবা নিশ্চিত করতেই আবেদনটি করা হয়। চিকিত্সকদের আচার-আচরণসহ অন্যান্য বিষয়ে আইনও রয়েছে। তবে অনেক ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর এগুলো নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় না। আদালত কয়েক দফা নির্দেশনা দিয়ে আদেশ দিয়েছেন। নির্দেশনা বাস্তবায়নের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে আগামী মার্চ মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে।শুনানিকালে মৃদুলকান্তি চক্রবর্তীর স্ত্রী জয়া চক্রবর্তী বলেন, জরুরি রোগী হলেও অর্থ, ভর্তিসহ অন্যান্য কারণে ল্যাবএইড হাসপাতালে নেওয়ার প্রায় ৪০ মিনিট পর মৃদুলকান্তির চিকিত্সা শুরু হয়। চিকিত্সা দিতে দেরি না হলে তিনি হয়তো মারা যেতেন না।ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম বলেন, ‘ব্যবসা করার জন্য হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়নি। আমি নিজেও একজন চিকিত্সক। মানুষের চিকিত্সাসেবা নিশ্চিত করার জন্য ল্যাবএইড হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে।’