মুমূর্ষু শালবনের নতুন বিপদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ভাওয়াল গড়ের শালবন একসময় ছিল উপমহাদেশখ্যাত। গত শতকের ষাটের দশক পর্যন্ত চিতা বাঘসহ নানা ধরনের বন্য প্রাণীর আবাসস্থল ছিল এই বন। প্রায় ৬৫ হাজার একরের এই বনভূমি ছিল ভাওয়াল জমিদারের সম্পত্তি। আজ এই বনভূমি ছেঁড়াখোঁড়া, রুক্ষ, প্রায় বৃক্ষহীন হয়ে বনের প্রেতচ্ছায়ায় পরিণত।ভূমি দখলের সূচনা: ১৯৫০ সালের রাষ্ট্রীয় বিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনে ‘নন রিটেইনেবল প্রপার্টিজ’ হিসেবে ভাওয়াল বন অধিগ্রহণ করা হয়। এলাকাটি সরকারের পক্ষে জেলা প্রশাসকের ১ নম্বর খাস খতিয়ানে নথিভুক্ত করা হয়। জেলা প্রশাসনকে এলাকার জংলি রাস্তা, জলপ্রবাহ, চাষের জমি, বাজার ও গ্রাম এলাকা বাদ দিয়ে বাকি এলাকা ফরেস্ট অ্যাক্ট, ১৯২৭-এর ৩ থেকে ১৯ ধারা অনুসারে বন বিভাগকে বুঝিয়ে দিতে বলা হয়। ৬০ বছরেও তা করতে পারেনি জেলা প্রশাসন।বন বিভাগকে জায়গা বুঝিয়ে দিতে না পারলেও বিভিন্ন সময় জেলা প্রশাসন থেকে বনের ভূমি ব্যক্তির নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে, বিশেষ করে ১৯৫৮-৬২ সালের এসএ খতিয়ানের সময় মাঠ জরিপবিহীন এই বন্দোবস্তে বিপুল পরিমাণ বনভূমি ব্যক্তিমালিকানায় নথিভুক্ত হয়। পরে জেনারেল সেটেলমেন্ট অপারেশনের আরএস জরিপে এসব ভূমি ব্যক্তির নামে রেকর্ড করা হয়। এই রেকর্ডের জোরেই শুরু হয় ভূমি দখলের সূত্রপাত। স্থানীয় প্রশাসন, দালাল, ভূমিদস্যু ও টাউটেরা আইনের ফাঁকফোকর দিয়ে কৌশলে অপসৃয়মাণ এ বনভূমি দখল অব্যাহত রেখেছে।দখলের কৌশল: ভূমি দখলপর্ব মূলত শুরু হয় রাজেন্দ্রপুর জাতীয় উদ্যানের মধ্য দিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক তৈরি করার পর থেকে। সড়কের দুই পাশের গাছ কেটে কলকারখানা ও খামার বানানো শুরু হয়। অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণের ফলে এখন সংযোগ সড়ক তৈরির হিড়িক পড়েছে। মৃতপ্রায় বন তথা পরিবেশ হচ্ছে এর অসহায় বলি।এমনই দুটি সড়ক তৈরি হচ্ছে শ্রীপুরের সাতখামার-দরগাচালা-নয়নপুর ও শিমলাপাড়া এলাকায়। দরগাচালা-বরমী সড়ক থাকতেও ওই পথে দরগাচালা যেতে মাত্র আধা কিলোমিটার বেশি পাড়ি দিতে হয় বলে তৈরি হচ্ছে নয়নপুরগামী নতুন সড়ক। এই সড়ক ১ দশমিক ৬ কিলোমিটার সংরক্ষিত বনের মধ্য দিয়ে গেছে। স্থানীয় বিট অফিস জানায়, এই সড়ক নির্মাণে বন বিভাগের এক হাজার ১৬টি ছোট-বড় গাছ কাটা পড়েছে। সড়কের প্রধান উদ্যোক্তা এলাকার গত চারবারের সাংসদ রহমত আলী। গাজীপুর থেকে শিমলাপাড়া পর্যন্ত অন্য সড়কটিও নির্মিত হচ্ছে তাঁর উদ্যোগেই। এটিরও অধিকাংশই যাবে বনের ভেতর দিয়ে।স্পর্শকাতর বন এলাকার মধ্য দিয়ে সড়ক তৈরি হচ্ছে, অথচ বন বিভাগকে তা জানানো হয়নি। সরেজমিনে দেখা গেছে, ১২ ফুট চওড়া সড়কের জন্য বাঁ পাশে ২০ ফুট ও ডান পাশে ১৫ ফুট ভূমির গাছ কাটা হয়েছে। শিমলাপাড়া থেকে কালিয়াকৈরের পথে আরও কয়েকটি কাঁচা সংযোগ সড়ক রয়েছে। ‘প্রয়োজনের’ যুক্তিতে এগুলোও কোনো সময় পাকা করা হলে মৃতপ্রায় বনের ওপর তা হবে আরেক দফা কুঠারাঘাত।সাতখামার-দরগাচালা সড়ক নির্মাণের বিষয়ে জানতে চাইলে সাংসদ রহমত আলী টেলিফোনে বলেন, জেলা পরিষদের আরএস খতিয়ানে কাঁচা রাস্তা আগেই ছিল। এলাকার অধিবাসীদের যাতায়াতের সুবিধার জন্য তিনি রাস্তাটি পাকা করার উদ্যোগ নিয়েছেন। এখানে একটিও গাছ কাটা হয়নি বলে তিনি দাবি করেন। শিমলাপাড়া রাস্তা সম্পর্কেও একই কথা বলেন রহমত আলী। এখানে গাছ কাটার ব্যাপারে তিনি বলেন, ‘বন বিভাগের লোকজন নিজেরাই গাছ কেটে অন্যের কাঁধে দোষ চাপায়। আমার হাতে এর অনেক প্রমাণ আছে।’সংরক্ষিত বনের ভেতর দিয়ে রাস্তা তৈরিতে বন বিভাগ কেন বাধা দেয়নি, জানতে চাইলে পরিবেশ ও বনসচিব মিহির কান্তি মজুমদার জানান, ১৯৭২ সালের বন আইনের ৩ থেকে ১৯ ধারা অপূর্ণ থাকার জটিলতায় বন বিভাগ বাধা দিতে পারেনি। বন আইনের এই ধারাগুলো সুনির্দিষ্ট করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।বৃক্ষ নিধন পালাস্বাধীনতার পর টঙ্গীতে গড়ে ওঠা শিল্পনগরের জ্বালানির জন্য বন বিভাগ তিন ফুট ব্যাসের গাছ নিলামে বিক্রি শুরু করে। তবে চুরি করে এর চেয়ে কম ব্যাসের গাছগুলোও নিধন হতে থাকে। এতে ১৯৭২-৭৩ সালের মধ্যেই ভাওয়াল ও ভালুকার শালবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন ধ্বংসের আরও একটি প্রক্রিয়া হলো চাষের জন্য আগুন লাগানো। বাইদ (নিচু ভূমি) এলাকার চাষিরা শুকনো মৌসুমে ধান চাষের সময় চালার (উঁচু ভূমি) বনে আগুন ধরিয়ে দেয়। আগুনে নিচের লতাগুল্মের সঙ্গে বড় গাছগুলোও অনেক সময় মরে যায়। ইদানীং গোড়ায় গরম পানি ঢেলেও গাছ মেরে ফেলা হচ্ছে। মরা গাছ পরে দুর্বৃত্তরা কেটে নেয়।বনের বৈশিষ্ট্যভাওয়াল গড়ের বনভূমির প্রধান গাছ শাল (স্থানীয় ভাষায় গজারি)। এ ছাড়া আমলকী, হরীতকী, বহেড়া, বাজনা, হরগাজা, কাইক্কা, অশ্বত্থ, বট, জাম, বনবড়ই, বাঁশ, শটি, উলটচণ্ডাল, আসাম লতাসহ নানা ধরনের বৃক্ষ-তরুলতা জন্মে এ বনে।বনের ক্ষতি নানাভাবেবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। ঝরাপাতা পচে সার হওয়ার আগেই স্থানীয় বাসিন্দারা জ্বালানির জন্য কুড়িয়ে নেয়। ঝোপ কেটে ফেলা হয়। শক্ত উন্মুক্ত মাটিতে ছত্রাক জন্মাচ্ছে না। বজায় থাকছে না আর্দ্রতা। চলছে শিল্প-কারখানার চরম পানিদূষণ। মাওনা থেকে শিমলাপাড়ার পথে একটি খালে দেখা গেল, পানি পচে কালো হয়ে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, এমন খাল আছে দু-তিনটি, যার পানি এত বিষাক্ত যে গরু-ছাগলও তা খেয়ে মারা গেছে।সোনালি সেই দিনজেমস টেলর কোম্পানী আমলে ঢাকা বইতে উল্লেখ করেছেন, অষ্টাদশ শতকে ভাওয়াল এলাকায় ডোরাকাটা বাঘের উপদ্রব এত বেড়েছিল যে সরকার বাঘ মারার জন্য পুরস্কার ঘোষণা করেছিল। মুক্তাগাছা, ভালুকা ও করটিয়ার জমিদারেরা ষাটের দশকেও প্রচুর চিতা বাঘ মেরেছেন ভাওয়াল-মধুপুরের জঙ্গলে। এ ছাড়া ছিল বুনো মোষ, শম্বর, প্যারা হরিণ, চার ধরনের বানর, হনুমান ও নানা ধরনের সরীসৃপ। আজকের মধুপুর-ভাওয়ালের জঙ্গলে সবচেয়ে বড় বন্য প্রাণী হচ্ছে পাতি শিয়াল।ভূমিদস্যু ও গাছচোরদের লোভের বিরুদ্ধে লড়ে গাজীপুরের শালের জঙ্গল আর কত দিন টেকে, সেটা ভবিষ্যৎই বলতে পারে। তবে বৃক্ষ নিধন হলে সেখানে নতুন বনায়ন হয়তো সম্ভব। বনের এলাকা বেহাত হলে তা আর কোনো দিন ফিরবে না।