মুম্বাই সহিংসতার দায় বাংলাদেশিদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ১১ আগস্টের সহিংসতার পেছনে বাংলাদেশের অবৈধ অভিবাসীরা দায়ী বলে অভিযোগ করেছেন মহারাষ্ট্রের কট্টর হিন্দুবাদী সংগঠন নবনির্মাণ সেনাপ্রধান রাজ ঠাকরে। গতকাল মঙ্গলবার তিনি এ অভিযোগ করেন বলে দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।মিয়ানমার ও আসামে মুসলমানদের ওপর নৃশংসতার প্রতিবাদে গত ১১ আগস্ট ভারতের মুম্বাইয়ে মুসলিম সম্প্রদায় একটি সমাবেশ করে। সমাবেশের সময় পুলিশের সঙ্গে সহিংসতায় দুই ব্যক্তি নিহত হয়। ওই কর্মসূচির পাল্টা জবাব হিসেবে রাজ ঠাকরে গতকাল মুম্বাইয়ের আজাদ ময়দানে সমাবেশ করেন।অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ কেবলমাত্র সমাবেশের অনুমতি দিয়েছিল। তবে রাজ ঠাকরে ৫০ হাজারেরও বেশি জনতাকে নিয়ে মিছিল করে মেরিন ড্রাইভ থেকে আজাদ ময়দানে যান। পরে সেখানে তিনি সমাবেশ করেন। এ সময় দক্ষিণ মুম্বাই অচল হয়ে পড়ে।সমাবেশে রাজ ঠাকরে বলেন, ১১ আগস্টের সহিংসতার পেছনে বাংলাদেশের অবৈধ অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশের বিপুলসংখ্যক অবৈধ অভিবাসী মুম্বাইকে ধ্বংস করে দিতে পারে।মুসলমানদের সমাবেশের সময় সহিংসতার সমালোচনা করে রাজ ঠাকরে বলেন, ‘সবকিছুর সীমা থাকা উচিত। সে সীমা কারোরই অতিক্রম করা উচিত নয়। পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ওপর কোনো ধরনের শারীরিক হামলা করা উচিত নয়। এ ধরনের ঘটনা যখনই ঘটবে, আমার সমর্থন থাকবে পুলিশের পক্ষে।’তবে রাজ ঠাকরে তাঁর এ ঢালাও দাবির পেছনে কোনো তথ্য-প্রমাণ দেননি।