মুম্বাই হামলার জন্য দায়ী আরও কিছু পাকিস্তানির বিচার চায় ভারত
মুম্বাইয়ে ২০০৮ সালের সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত আরও কয়েকজনের বিচারের জন্য গতকাল শনিবার পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে ভারত।ভারতের অর্থনৈতিক রাজধানী হিসেবে পরিচিত মুম্বাইয়ে পাকিস্তান-ভিত্তিক জঙ্গিদের হামলায় ১৬৬ জন নিহত হওয়ার ওই ঘটনার পর প্রতিবেশী এ দুটি দেশের মধ্যে সম্পর্ক প্রায় সম্পূর্ণ ছিন্ন হয়ে যায়। দেশ দুটির মধ্যে এমনিতেই ১৯৪৭ সাল থেকে এ পর্যন্ত তিনটি যুদ্ধ হয়ে গেছে।ইসলামাবাদে এক বৈঠকে মিলিত হওয়ার পরের দিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেন, ‘২৬/১১-এর সব হোতা ও হামলাকারীদের অবশ্যই বিচার হতে হবে।’ তিনি আরও বলেন, ‘একই সঙ্গে আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে পাকিস্তান অথবা ভারত কোথাও সন্ত্রাসীদের জায়গা নেই।’যদিও চিদাম্বরম সরাসরি তাঁর নাম উল্লেখ করেননি, তবে ভারত চায় জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ মুহাম্মাদ সাঈদের বিচার হোক। কেননা, ভারত তাঁকেই ওই রক্তাক্ত আক্রমণের মূল হোতা বলে অভিহিত করে।রেহমান মালিক বলেন, পাকিস্তানও মুম্বাই হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচার করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং উভয় দেশই সন্ত্রাস মোকাবিলায় পরস্পরকে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।চিদাম্বরম বলেন, মালিকের সঙ্গে তাঁর আলোচনা ছিল ইতিবাচক। মুম্বাই হামলার পর চিদাম্বরমই প্রথম ভারতীয় মন্ত্রী যিনি পাকিস্তান সফর করলেন, যা দুই দেশের আড়ষ্ট সম্পর্ক কিছুটা শিথিল হওয়ার লক্ষণ। দেশ দুটির মধ্যে দীর্ঘকার ধরে চলে আসা বৈরী সম্পর্ক স্বাভাবিক করতে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী ১৫ জুলাই ইসলামাবাদে বৈঠক করবেন। —রয়টার্স