মুম্বাই হামলার তথ্য ভাগাভাগি করেছে ভারত-পাকিস্তান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে সংঘটিত মুম্বাই হামলার বিষয়ে ভারতের সঙ্গে তথ্য ভাগাভাগি করেছে পাকিস্তান। উইকিলিকসে প্রকাশিত মার্কিন গোপন তারবার্তায় এ তথ্য পাওয়া গেছে।পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যানে প্যাটারসন ২০০৯ সালের ১৩ জানুয়ারি ওয়াশিংটনে এ-সংক্রান্ত একটি তারবার্তা পাঠিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি গোপন সমঝোতার ভিত্তিতে দেশ দুটি পরস্পরের মধ্যে মুম্বাই হামলাসংক্রান্ত তদন্তের তথ্য ভাগাভাগি করতে সম্মত হয়।২০০৮ সালে ২৬ নভেম্বর ভারতের বাণিজ্যিক নগর মুম্বাইয়ের অভিজাত হোটেল তাজসহ কয়েকটি স্থানে জঙ্গিরা হামলা চালায়। এ ঘটনায় ১৬৬ জন সাধারণ নাগরিক নিহত হয়। ওই তারবার্তায় সতর্ক করে বলা হয়, মুম্বাই হামলা পরিচালনাকারী পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তাইয়্যেবা আবারও একই ধরনের হামলা চালাতে পারে। তারবার্তাটিতে দেখা যায়, ইসলামাবাদ মুম্বাই হামলা নিয়ে যে তদন্ত করেছে, সেই তথ্য দিল্লির সঙ্গে ভাগাভাগি করতে সম্মত হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত প্যাটারসন ওয়াশিংটনকে লিখেছেন, এ তথ্য কেবল গোয়েন্দাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে—সিআইএর কাছ থেকে এমন নিশ্চয়তা পাওয়ার পর পাকিস্তানি ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক লেফট্যানেন্ট জেনারেল আহমেদ সুজা পাশা মুম্বাই হামলা নিয়ে পাকিস্তানি গোয়েন্দাদের তদন্তের তথ্য ভারতের গোয়েন্দাদের সঙ্গে ভাগাভাগি করতে সম্মত হন।প্যাটারসন ওয়াশিংটনকে বলেন, ভারত যেন পাকিস্তানের সরবরাহ করা তথ্য প্রকাশ না করে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তিনি ওয়াশিংটনকে অনুরোধ করেন। তিনি এ ব্যাপারে বলেন, ভারত যদি এ তথ্য প্রকাশ করে, তাহলে নতুন বিপদের আশঙ্কা রয়েছে। কারণ, তথ্য প্রকাশিত হলে তা পাকিস্তান ও জেনারেল পাশার রাষ্ট্রীয় ও ব্যক্তিগত ভাবমূর্তির জন্য নেতিবাচক হয়ে উঠতে পারে। এই তারবার্তা প্রেরণের দুই দিন পরেই ভারত নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনারের কাছে মুম্বাই হামলা বিষয়ে তাদের তদন্ত তথ্য হস্তান্তর করে এবং পাকিস্তানও অনুরূপভাবে ভারতের কাছে তাদের তথ্য হস্তান্তর করে। বিবিসি।