মুম্বাই হামলার সন্দেহভাজন আসামিকে ফেরত চাইবে পাকিস্তান
২০০৮ সালে ভারতের মুম্বাই হামলায় বেঁচে থাকা একমাত্র সন্দেহভাজন অস্ত্রধারী আজমল কাসাবকে জিজ্ঞাসাবাদের জন্য ফেরত চাইবে পাকিস্তান। দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।মুম্বাইয়ের অন্যতম বাণিজ্য এলাকায় হামলার পরিকল্পনা করার জন্য পাকিস্তানের আদালতে জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সাতজন সদস্যের বিরুদ্ধে বিচারকাজ চলছে। মুম্বাইয়ের ওই হামলায় অন্তত ১৬৬ জন মারা যান। বিচারকাজে সহায়তার জন্য পাকিস্তান নিজ দেশের নাগরিক মোহাম্মদ আজমল কাসাব ও অন্য এক ভারতীয় নাগরিক ফাহিম আনসারীকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করবে।ভারত এই হামলার জন্য পাকিস্তানকেন্দ্রিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দোষ দিয়ে আসছে এবং লস্কর-ই-তাইয়েবাসহ সব জঙ্গি সংগঠনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করে আসছে। ভারত পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনাও বন্ধ রেখেছে।পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত রয়টার্সকে বলেন, শিগগিরই পাকিস্তানের অস্ত্রধারী আজমল কাসাব এবং ভারতীয় নাগরিক ফাহিম আনসারীর দলিলপত্র নয়াদিল্লিতে পাঠানো হবে। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে আক্রমণ চালানোর জন্য ১০ জন অস্ত্রধারীর মধ্যে এক মাত্র বেঁচে যাওয়া কাসাবকে অভিযুক্ত করা হয়। ভারতের আদালত এই মামলার বিচারকাজ মার্চ মাসে শেষ করেছেন এবং আগামী ৩ মে রায় ঘোষণা করবেন। দোষী প্রমাণিত হলে আদালত কাসাবের মৃত্যুদণ্ডের আদেশ দিতে পারেন। ভারত লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ মোহাম্মদ সাঈদের বিচারকাজ চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তানকে চাপ প্রয়োগ করলেও ইসলামাবাদ বলছে, নয়াদিল্লি তাঁর বিরুদ্ধে তেমন কোনো সাক্ষ্যপ্রমাণ দিতে পারেনি।