মুম্বাই হামলার হোতা ভারতীয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বর হামলার হোতা আবু হামজাকে গ্রেপ্তার নিয়ে ভারতের দাবিকে নাকচ করে দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে হামলায় পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে জিজ্ঞাসাবাদে হামজা যে তথ্য দিয়েছিল তা-ও অস্বীকার করেছে দেশটি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক আজ বুধবার হামজাকে ভারতীয় উল্লেখ করে বলেন, ভারত দেশটির নাগরিকদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘আমি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে (পি চিদাম্বরম) বলেছি, দেশটিতে হিন্দু চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠেছে।’এর আগে আজ সকালে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম বলেন, ‘তিনি (হামজা) হামলার সময় নিয়ন্ত্রণ কক্ষে থাকার কথা নিশ্চিত করেছেন এবং একই সঙ্গে আরও কয়েকজন লোক তাঁর সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন। এর মাধ্যমে আমাদের সন্দেহ প্রমাণিত হয়েছে—হামলাটি একটি সংঘবদ্ধ চেষ্টা এবং এটি রাষ্ট্রীয় সমর্থনে হয়েছে। তাই নৈরাজ্যবাদীরা এ হামলা চালিয়েছে এমন দাবি অবৈধ।’চিদাম্বরমের উল্লিখিত বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মালিক বলেন, ভারত যতবারই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে অভিযুক্ত করেছে, ততবারই তা ভুল প্রমাণিত হয়েছে।জানা গেছে, হামজাকে সৌদি আরব থেকে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিশ। জিজ্ঞাসাবাদে হামজা বলেন, মুম্বাই হামলা শুরু হওয়ার সময় তিনি করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি নিয়ন্ত্রণ কক্ষে ছিলেন। এ সময় তাঁর সঙ্গে আইএসআইয়ের কয়েকজন কর্মকর্তা এবং জাকি-উর-রহমান লাকভিসহ লস্কর-ই-তাইয়েবার কয়েকজন ঊর্ধ্বতন কমান্ডার ছিলেন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ২৬/১১ হামলার সময়ে জীবিত অবস্থায় আটক একমাত্র ব্যক্তি ছিলেন আজমল কাসাব। এ প্রসঙ্গে হামজা বলেন, ‘আমিসহ হামলার সব হোতাকে পাকিস্তান ছাড়তে বলা হয়।’অভিযোগ রয়েছে, ভুয়া নামে একটি পাকিস্তানি পাসপোর্ট তৈরি করে সৌদি আরবে যান হামজা। সেখান থেকে পাকিস্তানে তাঁর ফোনালাপের বিষয়টি যুক্তরাষ্ট্র ট্র্যাক করে। এরপর তার বিরুদ্ধে সতর্ক অবস্থান নেয় যুক্তরাষ্ট্র ও ভারতের গোয়েন্দারা। এ প্রসঙ্গে চিদাম্বরম বলেন, আমরা প্রায় এক বছর আগে তাঁকে (হামজা) চিহ্নিত করেছি। সুরক্ষিত ও গোপন স্থানে তাঁকে চিহ্নিত করা হয়। চিদাম্বরম বলেন, ‘আমি মনে করি ভারত যে উপায়ে ২৬/১১-এর ক্রীড়নকদের ধরছে, তা বিশ্বজুড়েই সমাদৃত হয়েছে।’ এদিকে চিদাম্বরমের উল্লিখিত বক্তব্যের বিপরীত কথা বলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মালিক। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের কাছে যেসব নথি আছে তাতে হামজার নাম ছিল না।