মুম্বাই হামলায় ডেভিড হেডলির জড়িত থাকার প্রমাণ পেয়েছে এফবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই হামলায় জড়িত সন্দেহে অভিযুক্ত মার্কিন নাগরিক ডেভিড হেডলি এ হামলায় সংশ্লিষ্ট ছিলেন—এমন কিছু তথ্যপ্রমাণ হাতে পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই।যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট গতকাল শুক্রবার এক প্রতিবেদনে উল্লেখ করে, ডেভিড হেডলি এ হামলায় অংশ নেওয়া পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে বিভিন্ন লক্ষ্যবস্তু সম্পর্কে তথ্য সরবরাহ করেছেন। ওয়াশিংটন পোস্ট এফবিআইর বরাত দিয়ে শুক্রবার এ প্রতিবেদন তৈরি করেছে বলে জানিয়েছে।ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, হেডলি লস্কর-ই-তাইয়েবাকে মুম্বাই হামলার লক্ষ্যবস্তু-সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি প্রদান করেছিলেন। তাঁকে ভারত কিংবা পাকিস্তানের হাতে তুলে দেওয়া হবে না, এমন শর্তে হেডলি তদন্তকারীদের সহযোগিতা ও অন্যদের বিরুদ্ধে তথ্য দেওয়ার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছেন।ওয়াশিংটন পোস্ট এফবিআইর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হেডলির স্ত্রী এফবিআইকে জানিয়েছিলেন যে তাঁর স্বামী লস্কর-ই তাইয়েবাতে কাজ করতেন। এ জন্য তিনি পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন।এফবিআইর একজন মুখপাত্র ওয়াশিংটন পোস্টের এ প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এফবিআই থেকে নিশ্চিত হয়েই এ প্রতিবেদনটি প্রকাশ করেছে তাঁরা।ডেভিড হেডলি তাঁর বাল্যকাল পাকিস্তানে কাটিয়েছিলেন। তাঁর বাবাও ছিলেন পাকিস্তানি। ২০০৫ সালে তিনি তাঁর বাবার দেওয়া নাম দাউদ গিলানি পরিবর্তন করে ডেভিড হেডলি রাখেন। মূলত নিরাপত্তার জাল ছিন্ন করে ভ্রমণ করার সুবিধার্থেই তিনি নাম পরিবর্তন করেন। প্রায় এক বছর আগে হেলডি শিকাগোর আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হন। তিনি তখন পাকিস্তানে যাওয়ার চেষ্টা করছিলেন। ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন আমেরিকান নাগরিকও ছিলেন। হামলার জন্য ভারত পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করে আসছে।—রয়টার্স