মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানি নাগরিক আজমল কাসাবকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ সোমবার মুম্বাইয়ে এক বিশেষ আদালত ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের দুটি অভিজাত হোটেল, এর পার্শ্ববর্তী রেস্তোরাঁ ও রেলস্টেশনে সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনায় তাঁকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। তবে এই অপরাধে আজমল কাসাবের কী দণ্ড হবে, তা জানা যাবে কাল মঙ্গলবার।আদালত ২০০৮ সালের ২৬ নভেম্বরে সংঘটিত সন্ত্রাসী হামলাকে ‘ভারতের বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন। এর পাশাপাশি আদালত আরও জানান, কাসাবের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ ৮৬টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।আজমল কাসাবকে মুম্বাই হামলার দিন মুম্বাইয়ের রেলস্টেশন থেকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। কাসাব সেদিন মুম্বাইয়ের রেলস্টেশনে সন্ত্রাসী হামলার দায়িত্বে ছিলেন। পুলিশ জানিয়েছে, রেলস্টেশনে কাসাবের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে ৬০ জন নিরীহ মানুষ নিহত হন।মুম্বাই হামলার সময় সেদিন নিরাপত্তারক্ষীদের গুলিতে প্রাণ হারান হামলায় অংশ নেওয়া প্রায় সব সন্ত্রাসীই। আজমল কাসাবই সেদিনের ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র হামলাকারী। সব মিলিয়ে মুম্বাই হামলায় মোট ১৬৬ জন ভারতীয় ও অন্যান্য দেশের নাগরিক নিহত হন।এই বিচারে কাসাবকে দোষী সাব্যস্ত করা হলেও অভিযুক্ত অন্য দুই ভারতীয় নাগরিক ফাহিম আনসারি ও শাহাবুদ্দিন শেখকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।রায় ঘোষণার সময় মুম্বাইয়ে স্থাপিত বিশেষ আদালতের বিচারক এম এল তাহলিয়ানি কাসাবকে বলেন, ‘আপনি ভারতের বিরুদ্ধে সেদিন যুদ্ধ ঘোষণা করেছিলেন। আপনার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’ বিচারক তাহলিয়ানি আরও বলেন, ‘২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সংঘটিত ইতিহাসের ভয়াবহ সন্ত্রাসী হামলার শেকড় প্রোথিত ছিল পাকিস্তানে। সেখানে বসেই সন্ত্রাসীরা মুম্বাই হামলার পুরো পরিকল্পনা গ্রহণ করেন।’ রয়টার্স