মুম্বাইয়ে ক্লোরিন গ্যাসের বিষক্রিয়ায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণ মুম্বাইয়ের সিউরি এলাকায় বেশ কিছু সিলিন্ডারের ছিদ্র দিয়ে নির্গত ক্লোরিন গ্যাসের বিষক্রিয়ায় আজ বুধবার ভোররাতে কমপক্ষে তিনজন মারা গেছেন। স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, এ ঘটনায় ৬০ জনেরও বেশি লোক বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানান, আজ ভোর চারটার দিকে লাল বাহাদুর শাস্ত্রী কলেজের আশপাশের এলাকায় গ্যাস নিঃসরণের এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, লোকজন চোখে জ্বালাপোড়া, শ্বাসকষ্ট ও বিবমিষা অনুভব করার অভিযোগ জানালে গ্যাস নিঃসরণের ঘটনাটি প্রথম নজরে আসে। ফায়ার সার্ভিসের প্রধান উদয় টাটকেয়ার বলেন, লোকজন অভিযোগ করার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিলিন্ডার ছিদ্র হওয়ার বিষয়টি চিহ্নিত করেন। সিলিন্ডারগুলো লাল বাহাদুর শাস্ত্রী কলেজের কাছে মুম্বাই পোর্ট ট্রাস্টের স্ক্র্যাপ ইয়ার্ডে একটি কনটেইনারে রাখা ছিল। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের চারজন সদস্য অসুস্থ হয়ে পড়েন বলে তিনি জানান। তাঁদের পাশের একটি হাসপাতালে ভর্তি করা হয়।গ্যাসে আক্রান্ত প্রায় ৫৯ জন লোক ওই এলাকার পার্শ্ববর্তী জে জে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে এক কর্মকর্তা জানান। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।ওই এলাকা ও এর চারপাশের প্রায় ৪০০ জন বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সিলিন্ডারগুলোতে ছিদ্র হওয়ার কারণ বের করতে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।