মুম্বাইয়ে ধসে পড়া ভবনের ২ নির্মাতা গ্রেপ্তার, নিহত বেড়ে ৭২
ভারতের মুম্বাইয়ে ধসে পড়া সাততলা ভবনটির দুজন নির্মাতাকে আজ শনিবার গ্রেপ্তার করা হয়েছে। ভবনটির নির্মাতা প্রতিষ্ঠানটি ওই ভবনটি অবৈধ উপায়ে এবং নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করেছিল বলে অভিযোগ আছে। একই দিনে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। তবে দুর্ঘটনার ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।মুম্বাইয়ের থানে এলাকার শিল ফাটায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাণাধীন সাততলা ভবনটি ‘তাসের ঘরের মতো’ ধসে পড়ে। মাত্র ছয় সপ্তাহের মধ্যে ওই ভবনটি নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ আছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, নির্মাণ ব্যবসায়ী জামিল কুরেশি ও সলিম শেখকে শাস্তিযোগ্য নরহত্যার দায়ে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবারে দুর্ঘটনাটি ঘটার পর তাঁরা পলাতক ছিলেন।থানের পুলিশ কমিশনার কে পি রঘুবংশী প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, জামিল কুরেশিকে উত্তর প্রদেশ এবং সলিম শেখকে থানে থেকে আটক করা হয়। পুলিশ বলেছে, ভবনটির অষ্টম তলার নির্মাণ কাজ চলছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ ছাড়াই ওই ভবনে বাসা, কার্যালয় ও দোকানঘর তৈরির কাজ চলছিল।প্রত্যক্ষদর্শী ও সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স আজ জানায়, উদ্ধারকর্মীরা ক্রেন ও বুলডোজার দিয়ে সাততলা ভবনটির ধ্বংসাবশেষে উদ্ধার তত্পরতা চালিয়ে যাচ্ছেন। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতে আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো ভবন তৈরির ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে থাকে। স্বল্প আয়ের শ্রমিকদের সস্তায় বাসা ভাড়া দেওয়ার জন্য এ প্রতিষ্ঠানগুলো অবৈধ উপায়ে তৈরি এসব ভবন নির্মাণে বাজে ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করে থাকে।ওই এলাকায় রামলাল নামের এক বাসিন্দা রয়টার্সকে বলেন, ‘তিন থেকে চার সেকেন্ডের মধ্যে ভবনটি তাসের মত ভেঙে পরে।’ বাসিন্দারা বলেন, এই ভবনটিতে থাকার জন্য শ্রমিকদের দিনে পাঁচ ডলারের (প্রায় ৪০০ টাকা) মতো পরিশোধ করতে হতো। থানের পৌর কর্তৃপক্ষের মুখপাত্র সন্দ্বীপ মালভী রয়টার্সকে বলেন, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া এবং নিম্নমানের সামগ্রী দিয়ে ভবনটি তৈরি করা হয়েছিল। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৭২ জন মারা গেছে। আহত ৩৬ জনকে স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ভবনটির ধ্বংসস্তূপের মধ্যে আরও লাশ খুঁজে পাওয়া যেতে পারে।’ উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। রয়টার্স আরও জানায়, আজ সূর্যোদয়ের পরপরই জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কয়েক শ কর্মী হাতুড়ি, শাবল নিয়ে ধসে পরা ভবনটির বিভিন্ন অংশ কেটে উদ্ধার তত্পরতা চালাতে থাকেন। এ সময় ধসে পরা ভবনটির নিচে আটকে পরা ওই মহিলার আওয়াজ শুনে এবং ক্যামেরা ব্যবহার করে তাঁর অবস্থান শনাক্ত করা হয়।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ধসে পরা ভবনটি অবৈধভাবে নির্মাণ করায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান পৌর কর্তৃপক্ষের সহকারী কমিশনারকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। পুলিশ জানিয়েছে, ওই আবাসন নির্মাতার কর্মকর্তাদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে।