মুম্বাইয়ে আন্নার অনশন ‘ফ্লপ’: লালু
লোকপাল বিল পাসের দাবিতে মুম্বাইয়ে আন্না হাজারের এবারের অনশনকে ‘ফ্লপ’ উল্লেখ করে ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব বলেছেন, লোকদেখানো অনশনের নামে আন্না আসলে ব্যবসা করছেন। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লালু বলেন, লোকপাল বিল পাস নিয়ে আন্না ও তাঁর লোকজনের ‘ফন্দিফিকির’ বুঝতে পেরে মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছে।নয়াদিল্লিতে পার্লামেন্টের বাইরে আন্নার কট্টর সমালোচক লালু সাংবাদিকদের বলেন, আন্নার আন্দোলন ফ্লপ হয়েছে। ভারতের মানুষ আন্নার আসল উদ্দেশ্য বুঝতে পেরে তাঁদের ‘বাতিলের খাতায়’ ফেলে দিয়েছে। অবশ্য আরজেডির প্রধান মনে করেন, প্রস্তাবিত এই দুর্বল লোকপাল বিল দুর্নীতি রোধে যথেষ্ট নয়।এদিকে গতকাল শারীরিক অসুস্থতার কারণে আন্না নির্ধারিত সময়ের এক দিন আগেই মুম্বাইয়ে তাঁর অনশন ভাঙেন। তাঁর ওপর এবারের আন্দোলনে তিনি জনগণের কাছ থেকে খুব একটা সাড়াও পাননি। পাশাপাশি আন্না তাঁর ‘জেল ভরো’ অভিযানও গুটিয়ে নিয়েছেন। পিটিআই।