মুম্বাইয়ে তারকাদের দুর্গাপূজা
ভারতের মুম্বাইয়ে এবারও তারকাদের পূজা জমজমাট। আজ সোমবার দুর্গার মহাষষ্ঠী পূজা। জানা গেছে, এবারও প্রখ্যাত গায়ক অভিজিৎ, অভিনেতা বিশ্বজিৎ আর মুখার্জিবাড়ির পূজা জমজমাট হচ্ছে। আর বাঙালি তারকাদের এই দুর্গাপূজা দেখতে মুম্বাইয়ে এবারও মানুষের ঢল নামবে, তাতে সন্দেহ নেই। শুধু কি তাই, এখানে পূজায় ভক্ত আর দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় বাঙালির প্রিয় সব খাবার। গায়ক অভিজিতের এবার পূজার ভাবনা ‘রবীন্দ্রনাথ’। মণ্ডপ সেজেছে কবিগুরুর শিল্পকর্মের আদলে। মঞ্চসজ্জা করেছেন কলকাতা থেকে আসা শতাধিক শিল্পী। থাকবে আলাদা করে কবিগুরুর নানা কর্মের প্রদর্শনী। পাশেই বিশেষ মঞ্চে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এখানে গান গাইবেন রুনা লায়লা, শান, অলাকা ইয়াগনিক, সুনীধি চৌহানসহ নামী সব শিল্পী। আর দশমীর দিন রবীন্দ্রসংগীত গাইবেন অভিজিৎ নিজেই। এই পূজা এবার ১৬ বছরে পা দিল। এখানে প্রতিদিন অন্তত ১৫ হাজার দর্শনার্থীর জন্য পূজার প্রসাদ খাওয়ার ব্যবস্থা থাকছে। হিন্দি ছবির পরিচালক প্রয়াত শশধর মুখোপাধ্যায়ের পূজাকে বলা হয় ‘মুখার্জিবাড়ির পূজা’। এখন এই পূজা কলকাতায় রানী মুখার্জি বা কাজলদের পূজা হিসেবে পরিচিত। মুখার্জিবাড়ির পূজা এবার ৬৪ বছরে পড়ল। এবার এই পূজার ভাবনা নবদুর্গা। মঞ্চসজ্জার দায়িত্বে আছেন কলকাতার শিল্পীরা। হিন্দি ছবির দুই প্রখাত নায়িকা রানী মুখার্জি ও কাজল এবারও এই পূজায় সক্রিয় ভূমিকা নিয়েছেন। এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন রুনা লায়লা, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন প্রমুখ শিল্পী। আর প্রবীণ অভিনেতা বিশ্বজিতের পূজা এবার নতুন আঙ্গিকে আয়োজন করা হচ্ছে। ছয় বছর ধরে আয়োজন করা হচ্ছে এই পূজা। এখানে পূজা হচ্ছে একেবারে বাঙালি ঘরানায়। প্রতিমা থেকে মণ্ডপসজ্জা—সবকিছুতেই বাঙালির ছোঁয়া। থাকছে চিরাচরিত দুর্গাপ্রতিমা। থাকছে ভক্তদের জন্য বাঙালিভোজের ব্যবস্থা।