মুম্বাইয়ে বোমা বিস্ফোরণে নিহত ২০, আহত ১১৩
কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক বিস্ফোরণে আবার কেঁপে উঠল ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। আজ বুধবার সন্ধ্যায় পৃথক তিনটি ভয়াবহ বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান সিএনএন-আইবিএনকে জানিয়েছেন, বিস্ফোরণে ২০ জন নিহত ও ১১৩ জন আহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এটা সন্ত্রাসী হামলা। পুলিশ এখনো এ বিস্ফোরণের প্রকৃতি ও তীব্রতা সম্পর্কে কিছুই জানাতে পারেনি।এর আগে ভারতের স্বরাষ্ট্রসচিব বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, এ ঘটনায় ২০ জন নিহত ও অন্তত ১১৩ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর মুম্বাইসহ মহারাষ্ট্র রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়। এ ছাড়া রাজধানী দিল্লিসহ ভারতের অন্যান্য স্থানেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর দুটি পাঁচ তারকা হোটেলে সন্ত্রাসী হামলার পর এটিই মুম্বাইয়ে সবচেয়ে বড় হামলার ঘটনা। ওই ঘটনায় ১৬৬ জন নিহত হন। ভারত এ জন্য পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিদের দায়ী করে থাকে।