মুম্বাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাই শহরের অদূরে থানের শিলফাতা এলাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নির্মাণাধীন সাততলা ভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। আজ শুক্রবার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ কথা জানানো হয়।প্রাথমিক অবস্থায় ২৮ জনের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা আরও লাশ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়েছে।উদ্ধারকর্মীদের একজন জানান, ৫৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আবাসিক ও বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহূত ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও ২৫ থেকে ৩০ জন চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চাভান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় দিঘর পুলিশ ভবনটির নির্মাণ প্রতিষ্ঠান সলিল অ্যান্ড খলিল জমাদারের বিরুদ্ধে একটি মামলা করেছে।স্থানীয় লোকজনের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে জানানো হয়, ওই ভবনের পাঁচতলা পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাটে ৩৫টি পরিবার বাস করে। ষষ্ঠ ও সপ্তম তলার নির্মাণকাজ চলছিল।গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভবনটি আকস্মিকভাবে ধসে পড়ে। এ সময় ১০ জনের বেশি স্কুলের শিক্ষার্থী ভবনটির দোতলায় কোচিং ক্লাস করছিল। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা সেল, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তত্পরতায় অংশ নেন।সমাজসেবী মঙ্গল পাতিল জানান, ভবনটি অবৈধভাবে নির্মিত হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে দুই দিন আগে তিনি একটি অভিযোগ দাখিল করেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নিয়েছেন।