মুম্বাইয়ে মিশেলকে নাচানো হয়েছিল (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরে গিয়ে মুম্বাইয়ের একটি স্কুলে শিশুদের সঙ্গে নেচেছিলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। সেই সময়ে তাঁর ওই নাচে মুগ্ধ হয়েছিলেন ভারতীয়রা। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘রং দে বাসন্তী’র গানের তালে তালে নেচে ভারতীয়দের মন জয় করেছিলেন মিশেল। তবে সম্প্রতি নিউইয়র্ক টাইমসের সাংবাদিক জোদি ক্যান্টোরের লেখা ‘দ্য ওবামাস’ বইতে জানা গেছে ভিন্ন কথা।দ্য ওবামাসে বলা হয়েছে, মিশেল সেদিন হঠাত্ করে ভারতীয় সংগীতের সঙ্গে নাচেননি। সেটি ছিল পূর্বপরিকল্পিত। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নেই এমন পরিকল্পনা করেছিলেন। মিশেলের সেদিনের ওই নাচ ছিল ভারতীয়দের কাছাকাছি পৌঁছানোর একটি কৌশল।দ্য ওবামাস বইতে জোদি ক্যান্টোর বলেন, ২০১০ সালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের পেছনে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল। সেটি হলো, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা। আর সে জন্য সবচেয়ে বেশি যেটা দরকার ছিল, তা হলো ভারতীয়দের মন থেকে পশ্চিমা বা মার্কিন বিদ্বেষী ভাবটা দূর করা। আর সেই কাজেই নামেন মিশেল ওবামা। মিশেল ওবামা যান মুম্বাইয়ের অনাথ ও পথশিশুদের স্কুলে। শিশুদের সঙ্গে নাচে-গানে আনন্দে মেতে ওঠেন তিনি। ওই নাচে শিশুরা আনন্দ পেয়েছিল। মিশেলকে তারা কাছে টেনে নিয়েছিল। আর ভারতীয়দের মনেও ছাপ পড়ে তার। ভারতের গণমাধ্যমেও প্রচার হয় মিশেলের ওই নাচের দৃশ্য। ফার্স্ট লেডির ডেপুটি চিফ অব স্টাফ মেলিসা উইন্টারের বরাত দিয়ে বইটিতে বলা হয়, সেদিন মিশেল মঞ্চে যা করেছিলেন তা ছিল পূর্বপরিকল্পিত। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নে বলেছেন, ‘বইটিতে যা বলা হয়েছে—তা অতিরঞ্জন ছাড়া আর কিছুই নয়।’

দ্য ওবামাস বইতে জোদি ক্যান্টোর আরও জানান, ভারত সফরের পরে মিশেল ওবামা বলেছিলেন স্কুলের ওই নাচের সময়টি ছিল তাঁর কাছে মূল্যবান। আর মিশেল তখনই কোনো কিছুকে মূল্যবান মনে করেন, যখন সেটি ওবামা প্রশাসনের জন্য লাভজনক হয়। এনডিটিভি।