মুম্বাইয়ে হামলা : সন্ত্রাসী আজমল কাসাবের মৃত্যুদণ্ড
২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় জড়িত থাকায় পাকিস্তানি জঙ্গি আজমল আমির কাসাবকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে মুম্বাইয়ের একটি আদালত। আজ বৃহস্পতিবার বিচারক এমএল তাহলিয়ানি মুম্বাইয়ের সেই ভয়ঙ্কর সন্ত্রাসী ঘটনাকে ‘নজিরবিহীন ভয়ঙ্কর অপরাধ’ অভিহিত করে বলেছেন, এই জঘন্য অপরাধে জড়িত থাকার জন্য মৃত্যুদণ্ডই আজমল কাসাবের উপযুক্ত শাস্তি।ভারতের হত্যা ও বিস্ফোরক আইনের চারটি অপরাধে আজমল কাসাবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিচারক তাহলিয়ানি কাসাবের এই মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার কোনও সুযোগ নেই জানিয়ে বলেন, তার হাতে সংঘটিত অপরাধ এমন পর্যায়ের যে যার জন্য এই অপরাধী সকল প্রকার মানবিক সহানুভূতি পাওয়ার অধিকার হারিয়েছে।ঘটনার গুরুত্ব বিবেচনা করে বিচারক তাহলিয়ানি এই রায় আজ তাত্ক্ষণিকভাবে মুম্বাই হাইকোর্টে পাঠিয়ে দেন। ভারতীয় দণ্ডবিধির ৩৬৬ ধারা অনুযায়ী তিনি রায়ের কপি হাইর্কোটে পাঠিয়েছেন। মুম্বাই হাইকোর্ট পরে নিম্ন আদালতের এই রায় মূল্যায়ন করে সিদ্ধান্ত জানাবে। সাধারণত রায় বিবেচনার জন্য সাজাপ্রাপ্ত আসামিই হাইকোর্টে গিয়ে থাকে। মুম্বাইয়ের এই আদালত গত সোমবার পাকিস্তানি নাগরিক আজমল আমির কাসাবকে দোষী সাব্যস্ত করে। তবে আজমলের কী শাস্তি হবে তা আদালত সেদিন জানাননি । ২০০৯ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ওই সন্ত্রাসী হামলায় ভারতীয় ও বিদেশী নাগরিকসহ মোট ১৬৬ জন নিরীহ ব্যক্তি নিহত হন। এ ছাড়া আহত হন অনেকে। টাইমস অব ইণ্ডিয়া অনলাইন