মুম্বাইয়ে হামলাকারীরা পাকিস্তানের লস্করের প্রশিক্ষিত
পাকিস্তানের গোয়েন্দারা গতকাল শনিবার দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালতকে জানিয়েছেন, মুম্বাইয়ে বোমা হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার জঙ্গি সংগঠন এবং নৌচালনবিদ্যা প্রশিক্ষণকেন্দ্র থেকে প্রশিক্ষণ পেয়েছিলেন। দ্য ডনের খবরে বলা হয়, আদালতের বিচারক চৌধুরী হাবিবুর রেহমানের সামনে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পাঁচজন পরিদর্শকের বক্তব্য নথিবদ্ধ করা হয়। পরিদর্শকেরা ওই মামলার সাক্ষী। তাঁরা আদালতকে সন্দেহভাজন জাকির রেহমান লাখভি, আবুল ওয়াজিদ, মাজহার ইকবাল, হাম্মাদ আনি সাদিক, শহীদ জামিল রিয়াজ, জামিল আহমেদ ও ইউনাস আনজুমের প্রশিক্ষণ গ্রহণ এবং সক্ষমতা বিষয়ে অবহিত করেন।কর্মকর্তারা সিআইডির ওকারা, ভাওয়ালপুর, রহিমইয়ার খান, মান্দি বাহাউদ্দিন ও শেখুপুরা দপ্তরের দায়িত্বে আছেন। তাঁরা বলেন, হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজনরা লস্করের করাচির গোথ, মানসেহরার বুটল, থাট্টার মিরপুর সাক্রো ও মুজাফফারাবাদ প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষানবিশ ছিলেন।ওকারার সিআইডি পরিদর্শক অভিযোগ করেন, লাখভি ছিলেন লস্করের ‘অভিযান অধিনায়ক’ এবং অন্য জঙ্গিদের প্রশিক্ষিত করার কাজে নিয়োজিত। তিনি কুনারে যান এবং আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেন।ওকারা জেলার রেনালা খুর্দের এক বাসিন্দা বলেন, লাখভি বিভিন্ন আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহারে পারদর্শী ছিলেন। তিনি লস্করের আজাদ কাশ্মীর শাখার অধিনায়কও ছিলেন।অন্য পরিদর্শকেরা আদালতকে বলেন, সন্দেহভাজন সহযোগীরা হলেন আবদুল ওয়াজিদ, মাজহার ইকবাল, হাম্মাদ আমিন সাদিক ও শহীদ জামিল রিয়াজ। তাঁরাও লস্করের বিভিন্ন কেন্দ্র ও করাচির সমুদ্রতীরবর্তী গাদাপ এলাকার কাছে ইউসাফ গোথে প্রশিক্ষণ নেন। লাখভির পক্ষের আইনজীবী খাজা মোহাম্মদ হারিস সাক্ষীদের প্রশ্ন করেন, তাঁরা সন্দেহভাজনদের প্রশিক্ষণ নিতে দেখেছেন কি না।সাক্ষীরা বলেন, তাঁরা কখনো লস্করের প্রশিক্ষণ কেন্দ্রে যাননি বা সন্দেহভাজনদের আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে দেখেননি। তবে তাঁরা গুপ্তচরদের থেকে ওইসব তথ্য পেয়েছেন।হারিস বলেন, অভিযুক্তদের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে সাক্ষীদের কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। দ্য ডনকে তিনি বলেন, যদি সাক্ষীদের বক্তব্য সঠিক হয়, তবে তাঁদের উচিত ছিল ওই সব প্রশিক্ষণকেন্দ্র বন্ধ করা। কার্যত তাঁরা একটি গল্প ফেঁদেছেন। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর।