মুরগির চাহিদা বাড়াতে অ্যানথ্রাক্স-আতঙ্ক ছড়ানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরু ও ছাগলের মাংস না খেয়ে মানুষ যেন মুরগি কেনার দিকে বেশি ঝোঁকে, সে জন্য পরিকল্পিতভাবে মুরগির ব্যবসায়ীরা অ্যানথ্রাক্স-আতঙ্ক ছড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে গোপন প্রতিবেদন আছে। এ ছাড়া তদন্তের ভিত্তিতে আমরা সাতটি প্রতিষ্ঠানকে চিহ্নিতও করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা যাবে না।’ আজ রোববার সচিবালয়ে মাংস ব্যবসায়ী ও দুগ্ধখামার-মালিকদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান। মন্ত্রী বলেন, সামনে কোরবানির ঈদ। অসত্ ব্যবসায়ীরা এ সময়কে টার্গেট করেছেন। ঈদে যাতে গরু ও ছাগল বিক্রি কমে যায়, সে জন্য তাঁরা অ্যানথ্রাক্স নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। চিহ্নিত এসব ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। মন্ত্রী জানান, ১৮ সেপ্টেম্বরের পর থেকে দেশে কোনো পশু এ রোগে আক্রান্ত হয়নি। এ পর্যন্ত দেশে ৫০০ মানুষ এ রোগে আক্রান্ত হয়েছে। এ ছাড়া দেশে ৪৮টি গরু ও ৫৬টি ছাগল অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে।