মুরগির বাচ্চা ব্রয়লার ৩০ ও লেয়ার ৩২ টাকায় বিক্রির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি একদিনের ব্রয়লার ও লেয়ার বাচ্চার দাম সাতদিনের মধ্যে পুনর্নির্ধারণ করবে সরকার। সরকারের নির্ধারিত এ দাম প্যাকেটের গায়ে লেখা থাকবে। নতুন দাম নির্ধারণের আগ পর্যন্ত ব্রয়লার মুরগির বাচ্চার দাম ৩০ ও লেয়ার বাচ্চার দাম ৩২ টাকা করে বিক্রির নির্দেশ দিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। আজ বুধবার সচিবালয়ে ব্রিডার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ নির্দেশ দেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্যারাগন পোলট্রি খামারের মালিক মশিউর রহমান। এ সময় নতুন দায়িত্বপ্রাপ্ত মত্স্য ও প্রাণিসম্পদসচিব উজ্জ্বল বিকাশ দত্ত উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, মুরগির বাচ্চার দাম নিয়ে অ্যাসোসিয়েশনের করা মামলা ২৪ অক্টোবরের মধ্যে প্রত্যাহার করা হবে বলে মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তাদের দেওয়া আশ্বাস বিবেচনা করে এক সপ্তাহের মধ্যে দাম পুনর্নির্ধারণ করা হবে বলে তিনি তাদের জানিয়েছেন। তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ও ব্রিডার্স অ্যাসোসিয়েশনকে নিয়েই নতুন দাম ঠিক করা হবে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশ এখন অ্যানথ্রাক্সমুক্ত। আগামী কোরবানির ঈদে যাতে গরু কেনা নিয়ে মানুষের কোন শঙ্কা না থাকে, সে ব্যাপারে সব পদক্ষেপ নিয়েছে মন্ত্রণালয়। এ ছাড়া মুরগি ব্যবসায়ীদের বিরুদ্ধে এ রোগের আতংক ছড়ানোর যে অভিযোগ উঠেছে, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। প্রসঙ্গত হ্যাচারি-মালিকরা সরকারের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে বর্তমানে ৭০ থেকে ৭২ টাকায় একদিনের মুরগির বাচ্চা বিক্রি করছেন। গত ১৫ জুন একদিনের ব্রয়লারের বাচ্চার দাম ৩০ এবং লেয়ারের বাচ্চার দাম ৩২ টাকা করে বিক্রির নির্দেশ দেয় মন্ত্রণালয়।