মুরগির মাংস-ডাল-ভাত খেয়ে তাঁরা অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে আশুলিয়ার উত্তর বেড়ন এলাকার একটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষের অনুরোধে গতকাল সোমবার তাঁরা রাতে কাজ করছিলেন।শিল্প পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, বেড়ন এলাকার ইয়াগি বাংলাদেশ লিমিটেড নামের একটি পোশাক কারখানার ৭০০ শ্রমিক গতকাল রাতে কাজ করছিলেন। তাঁদের রাতের খাবারের জন্য আশুলিয়ার জামগড়ার রাজদ্বীপ হোটেল থেকে খাবার আনা হয়। খাবারের মেন্যু ছিল মুরগির মাংস, ডাল ও ভাত। রাত ১২টার দিকে তিন ভাগে ভাগ করে শ্রমিকদের পর্যায়ক্রমে ওই খাবার পরিবেশন করা হয়। একে একে তিন ধাপে ৬০০ শ্রমিক খাবার খেয়ে কাজে যোগ দেন। রাত দেড়টার দিকে সব শেষে শতাধিক শ্রমিক খাওয়া শেষ করে কাজে যোগ দেওয়ার পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন।সব শেষে খাওয়া শতাধিক শ্রমিকদের অধিকাংশই অনর্গল বমি করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে অপেক্ষাকৃত কম অসুস্থ রোগীদের আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতাল, প্রপার জেনারেল হাসপাতাল ও রাজধানীর উত্তরার ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেশি অসুস্থ হয়ে পড়া ৩৭ জনকে মুমূর্ষু অবস্থায় নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আশুলিয়ার নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন শ্রমিক কাজল, আয়শা আক্তার ও শাহিদা জানান, খাবার খেয়ে কাজে যোগ দেওয়ার পর পরই তাদের পেট ও বুক জ্বালা পোড়া শুরু হয় এবং মাথা ঘুরতে থাকে। এর পর পরই শুরু হয় বমি। ক্রমাগত বমি করতে করতে অনেকে অচেতন হয়ে পড়েন। হোটেল রাজদ্বীপের ব্যবস্থাপক তরু মিয়া জানান, সন্ধ্যা সাতটার দিকে তাদের ৭৩০ জনের খাবারের চাহিদা দেওয়া হয়। চাহিদা পাওয়ার পর রান্না শেষে রাত ১১টার দিকে কারখানায় খাবার পৌঁছে দেওয়া হয়। পচা কোনো খাবার দেওয়া হয়নি।নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সক মিরাজুল করিম বলেন, বেশি রাতে খাবার গ্রহণসহ খাবারে বিষক্রিয়ার কারণে এমন হয়ে থাকতে পারে।ইয়াগি বাংলাদেশ লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, প্রথম তিন ব্যাচে যাঁরা খেয়েছেন তাঁদের কেউ অসুস্থ হননি। কিন্তু সর্বশেষ ব্যাচে যেসব শ্রমিক খেয়েছেন তাঁদের অধিকাংশই অসুস্থ হয়ে পড়েন। তিনি জানান, শ্রমিকদের বমি ও খাবারের নমুনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়ার পর হোটেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।