মুরসিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ওবামার
মিসরের রক্ষণশীল মুসলিম ব্রাদারহুড-সমর্থিত নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মিসরের এক কর্মকর্তা গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।ওবামার এ পদক্ষেপকে মিসরের নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের সুসম্পর্ক স্থাপনের প্রচেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে রয়টার্স জানিয়েছে।মোহাম্মদ মুরসির সঙ্গে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম ব্রুনসের সাক্ষাতের সময় তাঁকে যুক্তরাষ্ট্র সফরের জন্য ওবামার এ নিমন্ত্রণের কথা জানানো হয়। মুরসির ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির আলী এ কথা জানান। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট মুরসি আগামী সেপ্টেম্বরে যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাবেন, তখন তাঁকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।’ তবে মুরসির সঙ্গে সাক্ষাত্-পরবর্তী সংবাদ সম্মেলনে এ বিষয়ে কিছুই জানাননি ব্রুনস।এত দিন মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের সঙ্গে ওয়াশিংটনের সুসম্পর্ক থাকলেও মুসলিম ব্রাদারহুডের ব্যাপারে তারা ছিল বেশ উদ্বিগ্ন। তবে গত বছর ওয়াশিংটনের এ নীতিতে পরিবর্তন আসে। এ সময় মুসলিম ব্রাদারহুডের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ গড়ে তোলে ওয়াশিংটন।