মুরসিকে স্কাফের সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে পার্লামেন্ট বিলোপ করার সিদ্ধান্ত অবশ্যই বহাল থাকবে। এ কথা বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সতর্ক করেছে দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদ (স্কাফ)। পার্লামেন্ট পুনরায় চালু করার ব্যাপারে মুরসি নির্দেশ দেওয়ার পর সামরিক পরিষদ তাঁকে এ ব্যাপারে সতর্ক করল। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।গত মাসে আদালতের রায়ের পর স্কাফ পার্লামেন্ট বিলুপ্ত করে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিলুপ্ত ঘোষিত পার্লামেন্ট পুনরায় চালু করতে নির্দেশ দেন মোহাম্মদ মুরসি।মুরসির এ নির্দেশের পর পার্লামেন্টের স্পিকার নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করেন। বার্তা সংস্থা মিনার খবরে বলা হয়, স্পিকার সা’দ আল কাতানি স্থানীয় সময় আজ মঙ্গলবার বেলা দুইটায় (গ্রিনিচ মান সময় দুপুর ১২টা) পার্লামেন্টের অধিবেশন ডাকেন।এদিকে গতকাল সোমবার মিসরের বিলুপ্ত ঘোষিত পার্লামেন্ট পুনরায় চালু করতে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির জারি করা আদেশ বাতিল করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত। আদালত বলেছেন, ‘সর্বোচ্চ সাংবিধানিক আদালত যেসব রুলিং ও সিদ্ধান্ত দিয়েছেন, সেগুলো চূড়ান্ত। এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।’স্কাফের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রের সব প্রতিষ্ঠান আইন ও সংবিধানের প্রতি শ্রদ্ধা দেখাবে বলে তারা আশাবাদী।এ বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মুসলিম ব্রাদারহুড। তারা স্কাফের এই সতর্কতাকে প্রেসিডেন্টের প্রতি চ্যালেঞ্জ অভিহিত করেছে।আজকের পার্লামেন্ট অধিবেশনকে সামনে রেখে হাজার হাজার জনতা তাহরির স্কোয়ারে জড়ো হচ্ছে। মুসলিম ব্রাদারহুড জানিয়েছে, প্রেসিডেন্টের সিদ্ধান্তের সমর্থনে লাখ লাখ জনতার মিছিল নিয়ে তারা পার্লামেন্টের অধিবেশনে যোগ দেবে।