মুরসির নতুন ডিক্রি, সেনা মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরে ১৫ ডিসেম্বরের গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নতুন ডিক্রি জারি করে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। আজ সোমবার থেকে গণভোটের ফলাফল ঘোষণার আগ পর্যন্ত এ নির্দেশ বহাল থাকবে। গণভোট প্রত্যাখ্যান করে কাল মঙ্গলবার বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দল ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট। আজ বিবিসির অনলাইনের খবরে এ কথা জানানো হয়।নতুন ওই ডিক্রিতে সেনাবাহিনীকে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা রক্ষায় পুলিশ বাহিনীর সঙ্গে তাদের একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বেসামরিক লোকজন গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তা রক্ষায় কংক্রিটের ব্লক দিয়ে দেয়াল নির্মাণ করেছেন সেনাসদস্যরা।গতকাল রোববার মুসলিম ব্রাদারহুডের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির পররাষ্ট্রবিষয়ক সম্পাদক মোহাম্মদ সাউদান জানান, ‘সাংবিধানিক দায়বদ্ধতার জায়গা থেকে মুরসি গণভোটের আয়োজন করতে বাধ্য।’গতকাল এক বিবৃতিতে খসড়া সংবিধানটি মুরসির দলের প্রণয়ন করা অভিযোগ করে ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের মুখপাত্র সামেহ আশুর বলেন, ‘এতে মিসরীয় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, তাই আমরা এটি বর্জন করছি।’ এই খসড়া সংবিধান অনুমোদন পেলে মিসরে আরও বিভাজন ও বিদ্রোহের সৃষ্টি হবে বলে মন্তব্য করে বিদ্রোহীরা। গতকালও কায়রোতে প্রেসিডেন্ট ভবনের বাইরে গণভোটের বিপক্ষে বিক্ষোভ করেছে বিরোধীদলীয় সমর্থকেরা।