মুরসির সমর্থনে ইসলামপন্থীদের বিক্ষোভ
মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থনে দেশজুড়ে গণসমাবেশ ও বিক্ষোভ করেছে মুসলিম ব্রাদারহুডসহ বেশ কিছু ইসলামপন্থী সংগঠন। গত সপ্তাহে মুরসি প্রেসিডেন্টের ক্ষমতাবলে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার যে আদেশ জারি করেছেন, সেটির পক্ষে এসব বিক্ষোভের আয়োজন করা হয়। আজ শনিবার কায়রো বিশ্ববিদ্যালয়ে মিসরের পতাকা ও মুরসির ছবি হাতে হাজার হাজার ইসলামপন্থী বিক্ষোভে অংশ নেন। তাঁরা স্লোগান দেন, ‘প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতি জনগণের সমর্থন আছে।’ এসব তাঁরা যে ব্যানার বহন করছিলেন, সেটিতে লেখা ছিল ‘জনগণ চায় আল্লাহর আইন।’এ সময় দাঙ্গা পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে সমবেত জনতার গতিরোধ করে।গত সপ্তাহে নিজ ক্ষমতাকে আরও বিস্তৃত করতে একটি আদেশ জারি করেন মুরসি। নতুন আদেশ অনুযায়ী, প্রেসিডেন্টের ক্ষমতা হবে নিরঙ্কুশ। নতুন সংবিধান পাশ এবং নির্বাচন অনুষ্ঠিত না হলে বিচার বিভাগও প্রেসিডেন্টের আদেশকে চ্যালেঞ্জ করতে পারবে না। ওই আদেশে আরও বলা হয়, আদালত চাইলেই সংবিধান সভা ভেঙে দিতে পারবে না। মুরসির বলছেন, গণভোটের মাধ্যমে নতুন সংবিধান অনুমোদনের পরই তিনি তাঁর বিশেষ ক্ষমতা ছেড়ে দেবেন। গতকাল শুক্রবার মিসরের পার্লামেন্টে মুরসির আদেশ পাশও হয়েছে।তবে বিরোধী পক্ষগুলো তাঁর এ বিশেষ ক্ষমতাকে চ্যালেঞ্জ করে এ পর্যন্ত ৪৩টি মামলা দায়ের করেছেন। এঁদের একাংশের দাবি, ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে দ্রুততার সঙ্গে সংবিধানের খসড়াটি পাস করা হয়েছে।